Sylhet Today 24 PRINT

শ্রমিক নেতার ওপর করা মামলা প্রত্যাহার দাবিতে বিশ্বনাথে বিক্ষোভ

বিশ্বনাথ প্রতিনিধি: |  ০৩ অক্টোবর, ২০২১

সিলেটের বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জের পার্শ্ববর্তি আল-আমিন ব্রিক ফিল্ডের মালিক চৌধুরীগাঁওয়ের ইরশাদ আলী এবার ৮ গ্রাহকের বিরুদ্ধে সিলেট আদালতে পাল্টা মামলা দায়ের করেছেন। ওই ৮ গ্রাহকের মধ্যে ৮ নম্বর অভিযুক্ত ফরিদ মিয়া বিশ্বনাথ ট্রাক-পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি।

তার বিরুদ্ধে মামলা প্রতাহারের দাবিতে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ বাসিয়া ব্রিজের ওপর মানববন্ধন কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল করেন শ্রমিক নেতারা। গত ১৭ সেপ্টেম্বর ইরশাদ আলী সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ম ও ৩ নম্বর আমলি আদালতে চাঁদাবাজি মামলা দায়ের করেন।

এর আগে গত ১৭ জুলাই শ্রমিক নেতা ফরিদ মিয়া বাদী হয়ে ইটভাটা মালিক ইরশাদ আলী ও তার ছেলে নাজমুল ইসলামকে আসামি করে একটি প্রতারণা মামলা দায়ের করেন। এ মামলায় ইরশাদ আলী ২০দিন হাজত বাসের পর বাদী ফরিদ মিয়ার ওপর চাঁদাবাজি মামলা দায়ের করেন। এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে শ্রমিক সংগঠনের নেতুবৃন্দরা ওই বিক্ষোভ মিছিল করেন।

বিশ্বনাথ ট্রাক-পিকআপ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি গয়াছ মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু আবু সরকার। প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন।

সভায় আরও বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুল মতিন ভিআইপি, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বিশ্বনাথ উপ কমিটির সাধারণ সম্পাদক তুরণ চৌধুরী, ওসমানীনগর উপজেলার সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন ও বিশ্বনাথ উপজেলার শ্রমিক নেতা সুন্দর আলী রুহুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.