Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে মসলা জাতীয় ফসলের উৎপাদন কলাকৌশল নিয়ে প্রশিক্ষণ

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০২১

মসলার আমদানি নির্ভরতা কমানোর জন্য এ জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি পেলে দেশের চাহিদা মেটানো সম্ভব। মসলা কৃষি পণ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রধান শস্যগুলোর পাশাপাশি এর চাষ কৃষকের আয় বৃদ্ধিতে যেমন সহায়ক, তেমনই মোট কৃষি অর্থনীতিকেও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তা সহায়ক। গোটা বিশ্বে প্রায় ১শ ৫০ জাতের মসলা উৎপাদিত হয়ে থাকে। বাংলাদেশে এখন পর্যন্ত ৪০ প্রকারের মসলা উৎপাদিত হচ্ছে, তবে আমাদের দেশে অধিকতর মসলার ব্যবহার হওয়ায় বেশির ভাগ মসলা বিদেশ থেকে আমদানী করতে হয়।

আমাদের দেশীয় মসলা বিদেশেও রপ্তানী হচ্ছে। যেমন জৈন্তাপুরের তেজপাতা অন্যতম। আমরা পেঁয়াজের জন্য অনেকটা ভারত নির্ভর ছিলাম। বর্তমানে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় স্থানে রয়েছে, যা কিছু দিন পূর্বেও এই স্থান ছিল যুক্তরাষ্ট্রের দখলে। তবে জৈন্তাপুর উপজেলায় সরকারী বরাদ্ধ থাকলে পেঁয়াজ উৎপাদনে জৈন্তাপুর এগিয়ে যাবে। জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের গবেষণার ফল বারি গোল মরিচ, যা জৈন্তা গোল মরিচ নামে বাংলাদেশের সর্বত্র পরিচিত। এছাড়া তেজপাতা, এলাচ সহ বিভিন্ন রকম মসলা জাতীয় গবেষণায় জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিকরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

রবিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে মসলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন এসএ, এসএসএ ও এসএএও’র শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মসলা গবেষণা কেন্দ্র বিএআরআই শিবগঞ্জ বগুড়া এর বাস্তবায়নে ও জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এমএইচএম বোরহান উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার মোঃ ফারুক হোসাইন। উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ফয়সল আহমেদ, প্রশিক্ষক বৈজ্ঞানিক কর্মকর্তা আতিকুর রহমান ও মোঃ আশরাফুল আলম।

দুই দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় জৈন্তাপুর উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি বিভাগের সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.