Sylhet Today 24 PRINT

বড়লেখায় খুনসহ ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি: |  ০৬ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় খুনসহ ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. রফিক উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রফিক উদ্দিন ওই ইউনিয়নের মুড়াউল গ্রামের (বর্তমান চন্ডিনগর) মৃত ইছরাব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৯ সালে সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকায় খুনসহ একটি ডাকাতির ঘটনা ঘটে। রফিক উদ্দিন এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি। দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) হযরত আলী, সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. এরশাদ মিয়া ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল আওয়াল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলাও রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার (৬ অক্টোবর) বিকেলে বলেন, ‘তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.