Sylhet Today 24 PRINT

করোনা টিকা না নিয়েই মিলেছে সনদ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার |  ০৭ অক্টোবর, ২০২১

করোনা টিকার নিবন্ধন করার পর ম্যাসেজ না আসায় প্রথম ডোজের টিকা দেওয়া হয়নি জায়দা খাতুনের। বেশ কিছু দিন পর হঠাৎ তার মোবাইল ফোনে আসে দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার ম্যাসেজ। কিন্তু তখন আর তিনি বেঁচে নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে তার দ্বিতীয় ডোজের টিকাও আর নেওয়া হয়নি। কোনো টিকা না নিলেও অনলাইন থেকে টিকা প্রদানের সনদ ডাউনলোড করেছেন তার ছেলে।

জায়দা খাতুনের ছেলে আজমল হোসেন বলেন, আমি গত ১ আগস্ট আমার আম্মাকে টিকা দেওয়ার জন্য নিবন্ধন করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করি। চিকিৎসক টিকা না দেওয়ার জন্য বলেন। পরে আমিও আর টিকা দেওয়ার জন্য যোগাযোগ করিনি। হাসপাতাল থেকে ১ম ডোজ টিকা প্রদানের জন্য কোনো এসএমএস আসেনি। কিন্তু ২য় ডোজ প্রদানের জন্য ১৮ সেপ্টেম্বর একটি এসএমএস আসে। আমার আম্মা তার আগেই গত ২৯ সেপ্টেম্বর মারা যান।

তিনি জানান, ৪ অক্টোবর আমার ফোনে আম্মার টিকা সনদ সংগ্রহ করার জন্য এসএমএস আসে। আমি লগইন করে সনদ ডাউনলোড করে দেখি আমার আম্মার মৃত্যুর ২১ দিন পরে তাকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। আমার মাথায় আসছে না মৃত ব্যক্তি কিভাবে টিকা দেওয়া হলো।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, এটা হওয়ার কথা না। প্রথমে ডাটা এন্ট্রি করা হয়। তারপর তা অনলাইনে আপডেট হয়। এই ধরনের জটিলতা হওয়া কোনোভাবেই সম্ভব নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.