Sylhet Today 24 PRINT

পৌর নির্বাচন: হবিগঞ্জে আ. লীগে প্রার্থীজট, বিএনপিতে সঙ্কট

হবিগঞ্জ সংবাদদাতা |  ২৯ নভেম্বর, ২০১৫

পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের গ্রুপিং আর লবিং জমে উঠেছে হবিগঞ্জের পাঁচ পৌরসভায়। দলীয় প্রতীকে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগে প্রার্থী হওয়া নিয়েরয়েছে তুমুল প্রতিযোগিতা। মনোনয়ন নিশ্চিতে দৌড়ঝাঁপ করছেন একাধিক প্রার্থী। আর মামলা, গ্রেফতারসহ বিভিন্ন কারণে বিএনপির দেখা দিয়েছে প্রার্থী সঙ্কট।

কে হচ্ছেন নৌকার মাঝি? এনিয়ে বিশ্লেষণের শেষ নেই। মনোনয়ন প্রত্যাশীরা সবাই আওয়ামী লীগের ক্ষমতাসীন নেতাদের খুব কাছের হওয়ায় এ নিয়ে রয়েছে টানটান উত্তেজনা।

হবিগঞ্জ পৌরসভার জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মর্তুজ আলী, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সৈয়দ কামরুল ইসলাম, নিজ নিজ অবস্থান থেকে দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যেই স্থানীয় নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ শুরু করেছেন।

এদিকে বিএনপির প্রার্থীদের মধ্যেও চলছে নীরব প্রচারণা। বিএনপির সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরকাস্তকৃত মেয়র জিকে গউছ কিবরিয়া হত্যা মামলার আসামি হওয়ার কারণে বিএনপির অন্যান্য প্রার্থীরা একটা বিরাট সুযোগ পেয়েছেন বলেও মনে করেন অনেকে।

তবে জিকে গউছের একজন ঘনিষ্ঠ আত্মিয় জানান, তিনি জেল থেকে নির্বাচনে অংশ নিতে না পারলে তার স্ত্রী নির্বাচনে অংশ নিতে পারেন।
এছাড়া বিএনপির মনোনয়ন পেতে লবিং শুরু করেছেন জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক পৌর বিএনপির সভাপতি আমিনুর রশিদ এমরান, জেলা বিএনদিপর যুগ্ম সম্পাদক ইসলাম তরফদার তনু, হবিগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি হবিগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র আবুল হাসিম।

অপরদিকে হবিগঞ্জ সদর পৌরসভা ছাড়াও বাকি চারটি উপজেলাতেও একই রকমভাবে চলছে প্রচার প্রচারণা।

নবীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, বর্তমান পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ সমর্থক সুখেন্দু রায় বাবুল, তবে সেই তুলনায় বিএনপির অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাদের একক প্রার্থী পৌরসভার প্যানেল মেয়র ছাব্বির আহমেদ।

শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. ছালেক মিয়া, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ম্যাক্সি মালিক সমিতির সভাপতি আতাউর রহমান মাসুক, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার।

বিএনপির একক প্রার্থী বর্তমান পৌর মেয়র পৌর বিএনপির সহ-সভাপতি ফরহাদ আহমেদ অলি, পৌর যুবদলের সভাপতি বর্তমান কাউন্সিলর হাজি মো. আব্দুল মজিদ, জাতীয় পার্টি থেকে পৌর জাতীয় পার্টির সভাপতি পুরানবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজি মো. আ. কাইয়ুম,এছাড়াও পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের প্রভাষক শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. জালাল উদ্দিন রুমি ও লন্ডন প্রবাসী সাবেক ফুটবলার মো. আব্দুর রকিব।

চুনারুঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের একক মনোনয়ন পেতে সাইফুল ইসলাম রুবেল, জিল্লুর কাদির রিমন লবিং শুরু করেছেন। এছাড়া বিএনপির একক প্রার্থী বর্তমান মেয়র নাজিম উদ্দিন শামছু, নির্দলীয় প্রার্থী ইফলেখারুল গণি প্রচার প্রচারণা শুরু করেছেন।

মাধবপুরে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে বর্তমান মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মো. মুসলিম লবিং শুরু করেছে। সেই তুলনায় বিএনপির একক প্রার্থী হাবিবুর রহমান মানিক।

তবে স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ কিংবা বিএনপি যেই পৌর মেয়র হন না কেন এ নিয়ে আমাদের তেমন কোন মাথা ব্যাথা নেই। আমরা শুধু চাই নির্বাচিত ব্যক্তি যেন হন সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি। যিনি এলাকার উন্নয়ননের পাশাপাশি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.