Sylhet Today 24 PRINT

ভয় আর বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক |  ১৫ অক্টোবর, ২০২১

উৎসবের সাথে এবার যুক্ত হয়েছিলো ভয়ও। দেশের বিভিন্ন স্থানেই পূজোমণ্ডপে হামলার ঘটনা ঘটছিলো। এতে ভয় ছড়িয়ে পড়ে হিন্দুদের সম্প্রদায়ের মধ্যে। এমন ভীতিকর পরিস্থিতির মধে দিয়ে শুক্রবার শেষ হয়েছে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা।

শুক্রবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় পাঁচদিন ব্যাপী এই উৎসব।

শুক্রবার বিকেল থেকে সিলেট নগরের চাঁদনীঘাট এলাকায় সুরমা নদীতে প্রতিমা বিসর্জন করা হয়। যা চলে রাত পর্যন্ত। বিসর্জন অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলো সিলেট জেলা ও মহানগর পূজা উ;যাপন পরিষদ।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে যান কৈলাসে স্বামীর ঘরে। এক বছর পর আবার তিনি আসবেন মর্তে ‘পিতৃগৃহে’।

চাঁদনীঘাটে বিসর্জন অনুষ্ঠান দেখতে প্রতিবছরই প্রচুর সংখ্যক মানুষ ভিড় করেন। তবে এবার মানুষের ভিড় ছিলো তুলনামূলক কম।

বিজিবিসহ নিরাপত্তাবাহিনীর কড়াকড়ি ছিলো চাঁদনীঘাট এলাকায়।

কুমিল্লার ঘটনার জেরে গত তিনদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলা ও ভাংচুর চলছে। এ ঘটনার জেরে শুক্রবার সকাল থেকেই থমথমে ছিলো সিলেট নগর। দুপুরে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। এরকম একটি মিছিল থেকে নগরের আখালিয়ার হালদারপাড়ার পূজামণ্ডপে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরআগে সকালে প্রতি মণ্ডপে দশমী পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে সিঁদুর খেলায় মেতে উঠেন নারীরা। এরপরই মণ্ডপগুলোতে বাজতে শুরু করে বিষাদের সুর।

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, সন্ধ্যায় বিসর্জনের মধ্যদিয়ে দুর্গা পূজা সম্পন্ন হয়েছে। শঙ্কা থাকলেও বিসর্জনের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সারাদেশের বিভিন্ন স্থানে ঘটা অপ্রীতিকর ঘটনার কারণে এবার পূজায় উৎসবের আমেজ ছিলো কম।

সিলেটে এবার পূজা হয় ৬০৫ মণ্ডপে, যা আগের বছরগুলোর চেয়ে বেশি। এর মধ্যে নগরে পূজা হয় শতাধিক মণ্ডপে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.