Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে প্রাইভেটকারে গরু চুরি, আটক ১

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা |  ২২ অক্টোবর, ২০২১

সিলেটের ফেঞ্চুগঞ্জে দিনেরবেলা প্রাইভেটকারে গরু চুরির চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত মান্না (৩০) উপজেলার মাইজগাঁও গ্রামের বাসিন্দা।

জানা যায়, শুক্রবার সকালে উপজেলার আশিঘর গ্রামে গরুর মালিক গরুটিকে ঘাসের জমিতে বেঁধে রেখে যান। দুপুরে জুম্মার নামাজের সময় একটি প্রাইভেটকারে করে গরুটি নিয়ে পালানোর সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দেয়। খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ওই এলাকার সকল সড়কের পয়েন্টে তল্লাশির জন্য অবস্থান নেয়। পুলিশ দেখে প্রাইভেটকার চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। উপজেলার বিয়ালীবাজার এলাকার সড়কে প্রাইভেটকার রেখে চালক পালিয়ে যায়। এ ঘটনায় গাড়ির মালিক মান্নাকে আটক করে পুলিশ।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ। চুরির চেষ্টা করা গরুটি মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কার চালকের সঙ্গে মালিকের যোগসাজশ রয়েছে। এজন্য তাকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.