Sylhet Today 24 PRINT

‘প্রতিদিন প্রতিবাদ, দূর হোক মৌলবাদ’

উদীচী সিলেট

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০২১

‘নৈশব্দ ভেঙে জেগে উঠো দ্রোহে’ এই স্লোগানে দেশব্যাপী বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠার ৫৩তম বর্ষ পালন করেছে। এর অংশ হিসেবে উদীচী সিলেট জেলা সংসদ ‘প্রতিদিন প্রতিবাদ, দূর হোক মৌলবাদ’ স্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী।

উদ্বোধনের সময় ব্যারিস্টার আরশ আলী বলেন, মানুষের বিবেক বুদ্ধিকে শাণিত করতে এবং মানুষ হিসেবে গড়ে উঠতে তার সাংস্কৃতিক বিকাশ ছাড়া কোনো বিকল্প নাই। তারই লক্ষ্যে মানুষের অধিকার আদায়ের কথা, শ্রমিক- মেহনতি মানুষের কথা, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে তীক্ষ্ম কণ্ঠে আওয়াজ তোলার জন্য ১৯৬৮ সালের এই দিনে উদীচী যাত্রা শুরু করে। সত্যেন সেন ও রণেশ দাশ গুপ্তের হাত ধরে যে সংগঠন যাত্রা শুরু করেছিলো আজ তার ৫৩ বছর। এই সংগঠনের যে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং মেহনতি মানুষের অধিকার আদায়ে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায়, সাম্যঅধিকার প্রতিষ্ঠার আন্দোলন সে লড়াই এখনও শেষ হয়নি। বরং এখন আরও বেশি সময়োপযোগী হয়ে উঠছে।

তিনি আরও বলেন, মানুষ হিসেবে শ্রমিক- মেহনতি সহ সকল শ্রেণি বর্ণ গোত্রের মানুষের অধিকার প্রতিষ্ঠায় উদীচীর লড়াই চলছে, চলবে।

উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ও সহ-সাধারণ সম্পাদক ধ্রুব গৌতমের যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাশ খোকন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উদীচী সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি কবি এ কে শেরাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা কমরেড বীরেন্দ্র দেব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদু, বাবুল আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, খোয়াজ রহিম সবুজ, উদীচী শাল্লার শাখার সভাপতি তরুণ কান্তি দাশ প্রমুখ।

সাংস্কৃতিক পরিবেশনায় ছিলো জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের দলীয় সংগীত, মৃত্তিকায় মহাকালের আবৃত্তি প্রযোজনা, সাংস্কৃতিক ইউনিয়নের সংগীত পরিবেশন।

এছাড়াও, সাম্প্রদায়িক হামলা ও উসকানির বিষয়বস্তু নিয়ে সফদর হাশমির লেখা এবং প্রমিথা হায়দারের অনুবাদ করা ‘হত্যারে’ নাটকটি মঞ্চায়ন করে উদীচী সিলেট জেলা সংসদ।

একক পরিবেশনায় অংশ নেন গণসংগীত শিল্পী ও উদীচী সিলেটের সহ-সভাপতি অংশুমান দত্ত অঞ্জন, রতন দেব, লোকসংগীত শিল্পী ও উদীচী সিলেটের সিনিয়র সদস্য মিজানুর রহমান, উদীচীর সদস্য প্রদ্যুত দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.