Sylhet Today 24 PRINT

তাহিরপুরে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

তাহিরপুর প্রতিনিধি: |  ৩১ অক্টোবর, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক ইউনিয়নে চাচাতো ভাই মিজানুর মিয়ার (২৫) বিরুদ্ধে এক কন্যা শিশুকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত ৮টায় শিশুটির নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটেছে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত যুবক সম্পর্কে ওই শিশুর চাচাতো ভাই। শনিবার তার বাবা ব্যবসার কাজে বাইরে ছিলেন। সন্ধ্যায় বাড়িতে শিশুটিকে পড়াতে একজন শিক্ষিকা আসেন। এ সময় শিশুটির মা পাশের বাড়িতে চলে যান। পড়ানো শেষে শিক্ষিকা চলে যান। এই ফাঁকে বাড়ি একা পেয়ে অভিযুক্ত মিজানুর মিয়া ঘরের ভেতরে প্রবেশে করে। এরপর দরজা বন্ধ করে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে চলে যায় মিজানুর। কিছুক্ষণ পর শিশুটির মা বাড়ি ফিরে তার (শিশুটির) শারীরিক ও মানসিক অবস্থা অস্বাভাবিক দেখতে পান। শিশুটির কাছে জানতে চাইলে সে ঘটনাটি খুলে বলে। এরপর ঘটনাটি স্থানীয়দের জানিয়ে রোববার দুপুরে শিশুটিকে তাহিরপুর থানায় নেওয়া হয়।

শিশুটির বাবা বলেন, ‘আমি এর কঠিন বিচার চাই। যাতে করে এমন ঘটনা ঘটাতে কারো আর সাহস না হয়।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির জানান, শিশু ধর্ষণের অভিযোগ নিয়ে তার মা-বাবা ও স্থানীয় লোকজন আমার এখানে এসেছিলেন। থানার ওসিকে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে শিশুটিসহ তার মা ও বাবা থানায় আসেন। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.