Sylhet Today 24 PRINT

ছাতকে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা

ছাতক প্রতিনিধি |  ০১ নভেম্বর, ২০২১

সুনামগঞ্জের ছাতক উপজেলায় আগামী ১১ নভেম্বর ২য় ধাপে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণকারী ৫০ জন চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা আইন শৃঙ্খলা সমন্বয় সেলের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কয়েকজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। এসময় নির্বাচনী আচরণ বিধিমালা তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুরাদ উদ্দিন হাওলাদার, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর যুগ্ম-পরিচালক ড. রফিকুল ইসলাম, ছাতক থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। এসময় ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, রিটার্নিং কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, তৌফিক হোসেন খান, শফিউর রহমান, মোস্তফা আহসান হাবীব।

মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন উত্তর খুরমা ইউনিয়নের সামছুল ইসলাম খাঁন, অ্যাডভোকেট মনির উদ্দিন, ছাতক সদর ইউনিয়নের সাইফুল ইসলাম, জাউয়া ইউনিয়নের রেজা মিয়া তালুকদার, দক্ষিণ খুরমা ইউনিয়নের আব্দুল খালিক, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুন্দর আলী, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের শফিকুল হক প্রমুখ।

সভায় উপজেলা আইন শৃঙ্খলা সমন্বয় সেলের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সকল চেয়ারম্যান প্রার্থীকে নির্দেশনা দেওয়া হয়। নির্বাচনে প্রত্যেক ভোটারগণ তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। ইউপি নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে চেয়ারম্যান প্রার্থীদের আশ্বস্ত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.