Sylhet Today 24 PRINT

সিলেটে ব্যাটারিচালিত বাহনের চলাচল বন্ধে মাঠে নামছে সিসিক

নিজস্ব প্রতিবেদক |  ০১ নভেম্বর, ২০২১

ব্যাটারিচালিত বাহন বন্ধে উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে মাঠে নামছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। আগামী ৮ নভেম্বর থেকে নগরের সড়কে ব্যাটারিচালিত বাহন বন্ধে অভিযান নামবে সিসিক।

সোমবার (১ নভেম্বর) সকালে সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৬ সালের ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এসএম মজিবুর রহমানের যৌথ বেঞ্চ সিলেট নগরীতে ব্যাটারিচালিত বাহন বন্ধের নির্দেশ দেন। তবে সিলেট ট্রাফিক পুলিশ ও সিসিক নিয়মিত অভিযান চালালেও এসব অবৈধ বাহন বন্ধ করা সম্ভব হয়নি। বরং দিন দিন এসব যানের সংখ্যা বেড়েই চলছে।

তাই সিলেট মহানগরী এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষ্যে ব্যাটারি চালিত অটোরিকশা, টমটম চলাচলের বন্ধে ব্যাপারে আগামী ৮ নভেম্বর থেকে উচ্চ আদালতের নির্দেশে অভিযানে নামবে সিসিক। সিসিকের এমন নির্দেশনা কেউ না মানলে তার বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মতিউর রহমান খান জানান, মহামান্য হাই কোর্টের নির্দেশে সিলেট মহানগরী এলাকায় কোন প্রকার ব্যাটারি চালিত যানবাহন আর চলতে দেয়া হবে না। আগামী ৮ নভেম্বর থেকে আদালতের নির্দেশে কঠোরভাবে অভিযান শুরু করবে সিসিক। যদি কেউ সিসিকের এই নির্দেশনা না মানেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.