নিজস্ব প্রতিবেদক: | ০২ নভেম্বর, ২০২১
সিলেট নগরীতে তিন ঘণ্টার ব্যবধানে আপন দুই সহোদরের মৃত্যু হয়েছে।
সোমবার (১ নভেম্বর) দিবাগত রাত একটায় প্রথমে বড় ভাই মারা যান। বড় ভাইয়ের শোকে অসুস্থ হয়ে এর আনুমানিক তিন ঘন্টা পরই মারা যান ছোট ভাই।
তারা হলেন- কুশিঘাট বোরহানাবাদ এলাকার সি-৮২ নম্বর বাসার মরহুম চান মিয়ার ছেলে কয়ছর আহমদ (৪৫) ও কয়েছ আহমদ (৩৫)।
হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তাদের স্বজনরা।
মঙ্গলবার (২ নভেম্বর) আছরের নামাজের পর জানাজা শেষে কুশিঘাট বোরহানাবাদ পঞ্চায়েতি গোরস্তানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত একটায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান বড় ভাই কয়ছর আহমদ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। লাশ নিয়ে বাসায় আসার পর তার শোকে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই কয়েছ আহমদ। রাত আড়াইটায় অসুস্থ অবস্থায় তাকে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত চারটায় মারা যান কয়েছ।
তাদের স্বজন হাজি মো. জয়নাল আবেদিন জানান, অল্প সময়ের ব্যবধানে তাদের মৃত্যুতে পরিবার নয় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কয়ছর আহমদ ব্যক্তিজীবনে অবিবাহিত হলেও কয়েছের মাত্র সাত মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে বলে জানান তিনি।