Sylhet Today 24 PRINT

সিলেট রেলওয়ে স্টেশনে শ্রমিক লীগ বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ নভেম্বর, ২০২১

সিলেটে মাইলেজ জটিলতা নিরসনসহ নানা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ। রোববার (৭ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট রেলওয়ে স্টেশনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রেলওয়ে শ্রমিক লীগ সিলেট শাখার সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক জনাব মো. শহিদুল হকের সভাপতিত্বে এবং রেলওয়ে শ্রমিক লীগ সিলেট শাখার কার্যকরী সদস্য ও মহানগর শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক পরিতোষ ধর পাপ্পুর পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি সিলেট শাখার সম্পাদক জনাব মো. আতিকুর রহমান, রেলওয়ে শ্রমিক লীগ সিলেট শাখার সহ সভাপতি সজীব মালাকার, রেলওয়ে গার্ড কাউন্সিল কুলাউড়া শাখার সম্পাদক জনাব আব্দুল লতিফ, রেলওয়ে গেইট কিপার ঐক্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম অনিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তাগন রেলওয়েতে চাকুরীরত সকল রানিং কর্মচারীদের আইবাস প্লাস প্লাস সিস্টেমে মাইলেজ জটিলতা নিয়ে সৃষ্ট জটিলতা অবিলম্বে  নিরসনে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন বাতিল, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের বকেয়া টিএ-ডিএ পরিশোধ, বেতন বোনাস পেনশন খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ, পদোন্নতি, ও প্রকল্পের আওতাধীন অস্থায়ীভাবে কর্মরতদের নিয়মিত বেতন প্রদান চাকুরী স্থায়ী করনসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে অনতিবিলম্বে রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সুপারিশকৃত সকল দাবি দ্রুত বাস্তবায়নে রেলওয়ে প্রশাসনের প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.