নিজস্ব প্রতিবেদক | ০৪ ফেব্রুয়ারী, ২০১৫
সিলেটের বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেনকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্মারকলিপি দিয়েছে তার নিজ গ্রামের লোকজন। অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে ছাত্রলীগের ছোঁড়া গুলিতে কিশোর নিজু হত্যার প্রতিবাদে বিয়ানীবাজার পৌর শহরের সুপাতলা গ্রামের লোকজন মিছিলসহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে এলাকার লোকজন উল্লেখ করেন, জামাল ও তার বাহিনী কয়েক বছর থেকে বিয়ানীবাজারে দখলবাজী, অস্ত্রবাজী ও চাঁদাবাজী করে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। এরই ধারাবাহিকতায় জামাল হোসেনের নেতৃত্বে গত ৩০ জানুয়ারি রাতে দক্ষিণ বিয়ানীবাজারে অটোরিক্সা স্ট্যান্ড দখল করতে শ্রমিকদের উপর হামলা চালায়। জামাল ও তার বাহিনীর ছোঁড়া গুলিতে পৌরশহরের খাসা গ্রামের কিশোর নিজু আহমদ খুন হন। আহত হন আরো কয়েকজন। এ ঘটনার মুল হোতা জামালকে অবিলম্বে গ্রেফতার করে আইনের মাধ্যমে তাকে ফাঁসি দেয়ার দাবি জানানো হয় স্মারকলিপিতে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সুপাতলা গ্রামের আব্দুল কাদির, মুজিবুর রহমান, মাসুক আহমদ, আলী আহমদ ও নিমার আলী প্রমুখ।