নিজস্ব প্রতিবেদক | ৩০ নভেম্বর, ২০১৫
সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বিপনীবিতানে ট্রেড লাইসেন্সের বকেয়া আদায়ের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগরীর দরগা গেইট ও আম্বরখানা এলাকায় এই অভিযান চলাকালে ৮টি প্রতিষ্ঠানকে বিভিন্ন হারে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
বেলা ১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট মোঃ শরীফুজ্জামানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ ফোর্সও অংশ নেয়।
মোবাইল কোর্ট চলাকালে সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার কর্মকর্তারা দরগাগেইট থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ট্রেড লাইসেন্স আছে কীনা এবং যাদের ট্রেড লাইসেন্স আছে তাদের বকেয়া পরিশোধ করা হয়েছে কীনা তা খতিয়ে দেখেন। এসময় ৮টি প্রতিষ্ঠানের কোন ট্রেড লাইসেন্স না থাকায় তাদেরকে আইন মোতাবেক জরিমানা করা হয়। এছাড়াও ৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া টাকা আদায় করা হয়।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, সিলেট সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন কার্যক্রম আগের চেয়ে অনেক দ্রুত ও গতিশীল হয়েছে। সুতরাং ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার স্বার্থে সকল ধরনের বকেয়া পরিশোধ করা উচিত।
ট্রেড লাইসেন্সের বকেয়া আদায়ের লক্ষ্যে মোবাইল কোর্ট ধারাবাহিকভাবে মহানগরীর অন্যান্য এলাকায়ও পরিচালিত হবে বলে জানান এনামুল হাবীব।
সোমবারের অভিযানকালে আরও উপস্থিত ছিলেন লাইসেন্স অফিসার মোহাম্মদ আব্দুল আজিজ, ডেপুটি ট্যাক্সেসেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর, এ্যাসেসর চন্দন দাশ, লাইসেন্স ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।