Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে সুমেল হত্যা: প্রধান আসামি সাইফুল ৫ দিনের রিমান্ডে

বিশ্বনাথ প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০২১

সিলেটের বিশ্বনাথের চৈতন্নগরের আলোচিত স্কুলছাত্র সুমেল মিয়া (১৮) হত্যা মমালার প্রধান আসামি যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলমের (৩৬) ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১০ নভেম্বর) সিলেটের সিনিয়র জুডিসিয়াল মেজিষ্ট্রেট আমলী ৩য় আদালতের বিচারক হারুনুর রশীদ এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২১ অক্টোবর বৃহস্পতিবার রাত সোয়া ৭টারদিকে ঢাকার সেগুনবাগিচা এলাকার কাচা বাজার সংলগ্ন এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। তিনি চাউলধনী হাওর ইজারাদারদের ফাউন্ডার ও উপজেলার চৈতননগর (ইসলামপুর) গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে। তার বিরুদ্ধে চাউলধনী হাওর পাড়ের বাসিন্দা ও কৃষক ছরকুম আলী দয়াল হত্যা মামলাও রয়েছে। ওই মামলায়ও তাকে প্রধান আসামি করা হয়েছে এবং মামলাটি বর্তমানে সিলেট পিবিআইয়ে তদন্তাধীন রয়েছে।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মামলা তদন্ত কর্মকর্তা ও বিশ্বনাথ থানার ওসি (তদন্ত)  রমা প্রসাদ চক্রবর্তী।

তিনি বলেন, গ্রেপ্তারের পর ১০ দিনের রিমান্ড চেয়ে গত ২৩ অক্টোবর অভিযুক্ত সাইফুল আলমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর পর বুধবার (১০ নভেম্বর) দুুপুরে এ মামলার শুনানী শেষে সিলেটের সিনিয়র জুডিসিয়াল মেজিষ্ট্রেট ৩য় আমলী আদালতের বিচারক হারুনুর রশীদ ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামি ১৩ নভেম্বর তাকে বিশ্বনাথ থানায় রিমান্ডে আনা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

জানা গেছে, চলতি বছরের ১মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান প্রবাসী সাইফুল আলম। এসময় তাকে বাঁধা দেন নজির উদ্দিন, চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা ১০ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র সুমেল মিয়া। এতে বাকবিতন্ডার এক পর্যায়ে সাইফুল আলমের বন্ধুকের গুলিতে ওইদিন সুমেল মিয়া নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন সুমেলের বাবা ও চাচাসহ ৪ জন। ঘটনার পর ৩ এপ্রিল ২৭জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচা ইব্রাহীম আলী সিজিল, (মামলা নং ৪)। সাইফুল আলমকে প্রধান আসামি করে দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা রাখা হয় আরও ১৬জনকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.