Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ভারতীয় নাগরিক আটক

জৈন্তাপুর প্রতিনিধি |  ১১ নভেম্বর, ২০২১

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার বাস স্টেশন এলাকা থেকে আলিম উদ্দিন (৪৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে হরিপুর স্টেশন বাজার এলাকায় এলোমেলো ঘোরাফেরা করতে দেখে জৈন্তাপুর থানার ডিউটি পুলিশ তাকে আটক করে। এসময় ভারতীয় নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে টহল পুলিশ।

জিজ্ঞাসাবাদে ওই বিদেশি জানান, তার নাম আলিম উদ্দিন (৪৫)। ভারতের আসাম প্রদেশের নগাও জেলার মুরাজার মহকুমা হুজাই থানার বর আউট (ট্রার্নিং) গ্রামের ইলিয়াছ আলীর পুত্র তিনি। তবে এসময় পুলিশকে বাংলাদেশ ভ্রমণের ভিসা সংবলিত পাসপোর্ট বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আলিম। শুধু মাত্র ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক ইস্যুকৃত ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রদর্শন করেন।  

এসময় তিনি জানান, ভারতের ডাউকি সীমান্ত অতিক্রম করে জৈন্তাপুর উপজেলার নলজুরী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তিনি। ভারতীয় এই নাগরিক কোন পাসপোর্ট/ভিসা কিংবা বাংলাদেশে প্রবেশ সংক্রান্তে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় তার বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানার এএসআই আব্দুল আহাদ বাদী হয়ে একটি অভিযোগ দিলে নিয়মিত মামলা রুজু করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ (ওসি) এ বিষয়ে বলেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনায় আলিম উদ্দিন নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশে মামলা দায়ের পূর্বক আদালতে সোর্পদ তরা হবে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.