Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে লোভনীয় অফারে প্রতারণা, তিন তরুণকে অর্থদণ্ড

জগন্নাথপুর প্রতিনিধি |  ১২ নভেম্বর, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতারণার মাধ্যমে লোভনীয় অফার দিয়ে জনসাধারণের নিকট থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে জগন্নাথপুর পৌরসভার বাসুদেব বাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা হয়।

এসময় প্রতারনা চক্রের তিন সদস্যকে চার হাজার টাকা জরিমানাসহ বেশকিছু ইলেকট্রলিক সামগ্রী জব্দ করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- প্রতারক চক্রের সদস্য নেত্রকোনার সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকার আব্দুল হালিমের ছেলে আরিয়ান (২০), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে হৃদয় মিয়া (১৮) ও নরসিংদী জেলার বেলাব উপজেলার বটেশ্বর এলাকার আতাউর রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৯)।

জানা যায়, ডিজিটাল মার্কেটিং ডিসকাউন্ট অফার এর নামে ১০০ টাকার মূল্যে স্ক্র্যাচ কার্ড পূরণের মাধ্যমে টিভি, ফ্রিজ, স্মার্টফোনসহ বিভিন্ন আকর্ষণীয় অধিক মূল্যের দ্রব্য পাওয়া যাবে এমন লোভনীয় অফার দিয়ে ক্রেতাদের প্ররোচিত করে বেআইনিভাবে লটারির মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছিল মোটা অংকের টাকা।

বৃহস্পতিবার দুপুরে এমন খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল বাসুদেব বাড়ি এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে প্রতারক চক্রের তিনজনকে আটক করে।

এ সময় ডিনার সেট, ডাবল স্টিল বডির গ্যাসের চুলা, আয়রন মিক্সার ব্লেন্ডার, পানির ফিল্ডার, কারিকুকারসহ বিভিন্ন ধরনের বেশকিছু দ্রব্য জব্দ করা হয়। তবে টিভি, ফ্রিজ, স্মার্টফোন অভিযানকালে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ বলেন, তিন জনকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত মালামাল নিলামে বিক্রি করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.