Sylhet Today 24 PRINT

পররাষ্ট্রমন্ত্রীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে সিলেটে ‘ধিক্কার’ মিছিল

নিজস্ব প্রতিবেদক |  ১২ নভেম্বর, ২০২১

শারদীয় দুর্গোৎসব চলকালে দেশের বিভিন্ন সাম্প্রদায়িক হামলার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে 'মিথ্যাচার' হিসেবে আখ্যায়িত করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এমন বক্তব্যের প্রতিবাদে সিলেটে 'ধিক্কার মিছিল' ও বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি।

শুক্রবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে মিছিলটি বের হয়ে সুরমা পয়েন্ট হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে করে সংগঠনটি।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সংক্ষিপ্ত সমাবেশ পরিচালনা করেন ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ দেব।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কুমিল্লা, নোয়াখালী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের পুজামন্ডপ, মন্দির ও বাড়িঘরে হামলা, হত্যাকাণ্ড, লুটপাটের ঘটনা ঘটেছে। কিন্তু এসব নারকীয় তান্ডব নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন মিথ্যাচার করেছেন।

এতে করে সাম্প্রদায়িক হামলাকারীকে উস্কে দিচ্ছেন সরকারের দ্বায়িত্বশীল এই মন্ত্রী।

বক্তারা বলেন, এবারের শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে যে রক্তক্ষরণ হয়েছে তাতে তিনি অসত্য, অনভিপ্রেত ও মিথ্যাচারমূলক বক্তব্য দিয়ে আরো আঘাত করেছেন।

বক্তারা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, তিনি বর্তমান অসাম্প্রদায়িক সরকারের মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। বক্তারা সকল সাম্প্রদায়িক সহিংসতার দ্রুত বিচার ও শান্তি দাবি করে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে কঠোর হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ, ছাত্র যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ, বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ, প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ প্রগতিশীল চিন্তা চেতনার সাধারণ মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.