Sylhet Today 24 PRINT

তাহিরপুরে জার্মান নারীর হারানো বিড়াল উদ্ধার

তাহিরপুর প্রতিনিধি  |  ১৬ নভেম্বর, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দের মাস পূর্বে জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের হারানো বিড়াল লিওর সন্ধান পাওয়া গেছে। সোমবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের রায় পাড়া থেকে ছাত্রলীগ নেতা ধীমান চন্দ্র ও তার কয়েকজন বন্ধু মিলে লিওকে আটক করে।

জার্মান নারী জুলিয়া ওয়াসিমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তিনি জানান, তিনি ঢাকা বাস স্টেশনে রয়েছেন। সকালে সুনামগঞ্জ পৌঁচ্ছে তাহিরপুরে গিয়ে তার প্রিয় পোষা বিড়াল লিওকে আনবেন। তবে এ বিষয়ে আর কিছু বলেন নি জুলিয়া ওয়াসিমান।

লিওকে উদ্ধার করা ধীমান চন্দ্র জানান, হাওর ভালোবেসে ঘুরতে এসেছিলেন টাঙ্গুয়ার হাওরে মাস খানেক আগে জার্মান নাগরিক জুলিয়া ওয়াসিমান। সাথে ছিল তার প্রিয় বিড়াল লিও। ফেরার সময় তাহিরপুর মেশিনবাড়ি ঘাটে হারিয়ে যায় লিও। আগেও অনেকবার লিওর মতো বিড়াল গ্রামবাসী উদ্ধার করেছিল। তবে এদের মধ্যে কোনোটিই লিও ছিল না। আগেও উদ্ধারের খবর পেয়ে জুলিয়া ওয়াসিমান ৬ বার ঢাকা থেকে তাহিরপুরে এসেছেন। তবে এবার উদ্ধার হওয়া বিড়ালটি 'লিও' সেটা ছবি দেখে জুলিয়া নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লিওকে উদ্ধার করতে গিয়ে কয়েকজন আহত হয়েছে। গত কয়েকদিন ধরেই আমি সহ আমার বন্ধুরা অনেক চেষ্টা করে লিওকে আজ সুকৌশলে আটক করে খাঁচায় রেখেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.