Sylhet Today 24 PRINT

শাবির ভর্তির আবেদন ফি বাতিলের দাবি ছাত্র ফ্রন্টের

শাবি প্রতিনিধি: |  ১৮ নভেম্বর, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনে ভর্তির দ্বিতীয় মেয়াদের আবেদন ফি বাতিলের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ১১ তম কাউন্সিল উপলক্ষে আয়োজিত সমাবেশে এ দাবি জানান ছাত্রফ্রন্ট নেতৃবৃন্দ।

এরআগে সম্মেলন উপলক্ষে ক্যাম্পাসের ‘এ’ বিল্ডিং এর সামনে থেকে একটি প্রতিবাদী মিছিল বের করে ছাত্রফ্রন্ট। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তির নামে বাণিজ্য করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের কাছ থেকে দুইবার ভর্তির আবেদন ফি নেওয়া হচ্ছে। আমরা জানি শুরুতে ভর্তির আবেদন বাবদ ইউনিট প্রতি ১২’শ টাকা দিতে হয়েছিল। এখন আবারো শিক্ষার্থীদের কাছ থেকে ৬’শ ৫০ টাকা করে নেওয়া হচ্ছে। আর্কিটেকচার বিভাগে ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের ১ হাজার টাকা করে পরিশোধ করতে হচ্ছে। এটি সম্পূর্ণ বাণিজ্যিক চিন্তা ভাবনা। তাই আমরা দ্বিতীয় মেয়াদের ভর্তির আবেদন ফি বাতিলের জোর দাবি জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা দিন দিন প্রাইভেটাইজেনে রুপান্তর করা হচ্ছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্যায়িক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। তাছাড়া করোনাকালীন সময়ে ক্যাম্পাসে গাছ কাটা, পরিবহন সংকট, টং উচ্ছেদ করাসহ শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানিমূলক কর্মকান্ড করা হয়েছে। আমরা দ্রুত এই সমস্যার প্রতিকার চাই।

সমাবেশে কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা, সদস্য সঞ্জয় দাশ, শাবিপ্রবির সভাপতি তোহিদুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক ইউশা রশিদ ইফাজ, অর্থ সম্পাদক রাজু শেখ, বিদায়ী সদস্য রাসেল রানা, দপ্তর সম্পাদক তানভীর রহমান, সাধারণ সদস্য সামিউল সাফিন, সাধারণ শিক্ষার্থী সাত্ত্বিক বন্ধ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.