Sylhet Today 24 PRINT

ব্যাটারি চালিত যান বন্ধ হলে দুর্বার আন্দোলন: সিলেটে ডা. মনিষা

নিজস্ব প্রতিবেদক |  ২১ নভেম্বর, ২০২১

ব্যাটারি রিক্সা ও ইজিবাইকের লাইসেন্স প্রদানের দাবিতে সিলেটে সংহতি সমাবেশ করেছে রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।

রোববার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা ও বাসদ বরিশাল জেলার সদস্য সচিব  ডা. মনীষা চক্রবর্ত্তী।

তিনি অবিলম্বে ব্যাটারি রিক্সা ও ইজিবাইকের লাইসেন্স দেওয়া দাবি জানিয়ে বলেছেন, খোঁড়া যুক্তি দিয়ে যদি ব্যাটারি চালিত যান বন্ধ করা হয় তাহলে সিলেটসহ সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

ব্যাটারি রিক্সা ও ইজিবাইকের লাইসেন্সসহ ৫ দফা দাবিতে এই সংহতি সমাবেশের আয়োজন করা হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল তিনটায় এই সংহতি সমাবেশের আয়োজন করে।  

শ্রমিক ফ্রন্টের সিলেট জেলা যুগ্ম আহবায়ক ও রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সিলেট মহানগর এর নেতা প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ইমরান হাবিব রুমন,  বাসদ সিলেট জেলা সমন্বয় আবু জাফর, জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা সভাপতি সুরমান আলী। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমনয়ক ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি সিরাজ আহমেদ,  সিপিবি সিলেট জেলার নেতা সাতী রহমান, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এর জেলা সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন।

রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন বলেন, সকল যানবাহন দুর্ঘটনা করলেও শুধু ব্যাটারি চালিত রিকশার উপর দুর্ঘটনার দায় দেওয়া অেযৌক্তিক। প্রয়োজনে রিকশার ডিজাইন আধুনিকায়ন করে ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স দেওয়ার দাবি জানান।  

সংহতি সমাবেশে সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে সহস্রাধিক রিকশা চালকরা মিছিল করে শহিদ মিনারে আসেন।

সংহতি সমাবেশ পরিচালনা করেন সংগ্রাম পরিষদের সংগঠক মঞ্জু আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.