Sylhet Today 24 PRINT

সত্যিই কি ফিরছেন তারেক রহমান?

জুয়েল রাজ, লন্ডন  |  ২২ নভেম্বর, ২০২১

এক যুগেরও বেশী নির্বাসনের পর শীঘ্রই বাংলাদেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত   চেয়ারম্যান  তারেক রহমান। এমন তথ্য জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। চ্যানেল এস কে দেয়া সাক্ষাতকারের পর বিষয়টি ব্যাপক ভাবে আলোচনায় আসে।

এম এ মালেক বলেন, বেশ কিছু দিন ধরেই তারেক রহমান বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্ত বর্তমান সরকার যে পরিমান আগ্রাসী মনোভাব নিয়ে দেশ পরিচালনা করছে, তাতে আমরা শংকিত। দেশে ফিরলে তারেক  রহমানকে বিচারের নামে প্রহসন সাজিয়ে, যে কোন সাজা দিয়ে দিতে পারে। তাই আন্তর্জাতিকভাবে আমরা একটি জনমত গঠনের চেষ্টা করে যাচ্ছি। আমরা নিশ্চিত হতে চাই, দেশে ফিরলে জনাব তারেক রহমান কোন প্রহসনের মুখোমুখি হবেন না। তার নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্ব দিচ্ছি।
 
মালেক বলেন, সেটা অনেক দূর এগিয়েছে, আশা করছি খুব দ্রুতই সেই সুসংবাদ জাতি জানতে পারবে। এই মুহুর্তে  আমরা বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি  নিয়ে চিন্তিত। ম্যাডাম যদি দেশের বাইরে চিকিৎসার জন্য আসেন, সরকার যদি সেই অনুমতি দেয়, তাহলে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি কিছুটা বিলম্বিত হতে পারে।

মালেক আরো বলেন,  সারা বাংলাদেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে তারেক রহমানের দেশে ফেরার, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন আওয়ামী লীগ বানের জলের মত ভেসে যাবে।

তারেক রহমান দেশে গেলে বাংলাদেশি পাসপোর্ট নাকি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ফিরবেন এমন প্রশ্নে তিনি জানান, নিশ্চয় বাংলাদেশি পাসপোর্ট নিয়েই তিনি ফিরবেন। কিন্তু বর্তমান হাই কমিশন তার পাসপোর্ট নবায়ন করবে কী না সেটি একটি বিষয়। অন্যতায় বিকল্প ভাবে হতে পারে সেটা ব্রিটিশ পাসপোর্ট বা অন্যকিছু।

২০০৮ সালে সেনা শাসিত সরকারের সময় রাজনীতি করবেন না মর্মে মুচলেকা  দিয়ে দেশ ছাড়েন তারেক রহমান। এর পর থেকে সপরিবারে লন্ডনে বসবাস করছেন। দেশের আদালতে ২১ আগস্ট গ্রেনেড হামলা, অর্থ পাচারসহ বেশ কিছু মামলার  রায়ে সাজাপ্রাপ্ত তারেক রহমান। এছাগা কিছু মামলা এখনো বিচারাধীন। এ অবস্থায় আসলেই তারেক জিয়া দেশে ফিরবেন নাকি রাজনৈতিক বক্তব্য হিসাবেই বিএনপির সভাপতি এমন বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে আলোচনা করছেন ব্রিটেনের বাঙালি লোকজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.