Sylhet Today 24 PRINT

পরিবহন ধর্মঘটে পরীক্ষার্থীদের পাশে বাইকাররা

নিজস্ব প্রতিবেদক |  ২২ নভেম্বর, ২০২১

সিলেট মদন মোহন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সবুজ আহমদ। বেলা ২টা থেকে তার পরীক্ষা শুরু।

কলেজের সামনে সবুজের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘বেলা ২টা থেকে পরীক্ষা শুরু হবে। আমার কলেজে পৌঁছাতে পৌঁছাতেই ২টা বেজে গেছে। কিছু পথ হেঁটে ও কিছুটা পথ বাইকে করে এসেছি। রাস্তায়ই টায়ার্ড হয়ে গেছি। এখন পরীক্ষা দেব কীভাবে।’

সিলেট বিভাগে সোমবার সকাল থেকে চলা পরিবহন ধর্মঘটে সবুজের মতো এমন ভোগান্তি হয়েছে এসএসসি পরীক্ষার্থীদেরও। তাদের যাতায়াতের দুর্ভোগ কমাতে বিনা ভাড়ায় বাইকরাইড দিয়েছে সিলেট জেলা ছাত্রলীগ, রাইডার্স ক্লাব ও সেভ সিলেটের মতো কয়েকটি সংগঠনের সদস্যরা।

পাঁচ দফা দাবিতে সোমবার সকাল থেকে সিলেট বিভাগে ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। দিনভর রিকশা ও বাইক ছাড়া তেমন কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি সিলেট জেলায়।

পরিবহন শ্রমিক নেতারা বলছেন, পরীক্ষার্থী বহনকারী গাড়ি ধর্মঘটের আওতামুক্ত। তবে শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, সড়কে গাড়িই পাওয়া যাচ্ছে না। হেঁটেই অনেককে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে।

এমন পরিস্থিতিতে সহায়তায় এগিয়ে এসেছে সিলেট জেলা ছাত্রলীগ, সিলেট রাইডার্স ক্লাব ও সেভ সিলেট নামে কয়েকটি সংগঠনের সদস্যরা। তারা বিপাকে পড়া শিক্ষার্থীদের বিনা ভাড়ায় মোটরসাইকেলে নিয়ে গন্তব্যে পৌঁছে দিয়েছেন। ফোন করলে বাসা থেকেও নিয়ে এসেছেন পরীক্ষার্থীদের।

ধর্মঘটের দিন এসএসসির উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা হয়। সকালে নগরের অগ্রগামী বালিকা বিদ্যালয় ও দি এইডেড হাইস্কুলে গিয়ে দেখা যায়, অনেক শিক্ষার্থী বাইকে করে আবার অনেককে হেঁটে পরীক্ষাকেন্দ্রে এসেছেন।

পরীক্ষা শেষেও এইডেড হাইস্কুল কেন্দ্রে গিয়ে যানবাহনের জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সেখানে ছেলেকে নিয়ে যানবাহনের জন্য অপেক্ষায় থাকা কয়ছর আহমদ বলেন, ‘রাস্তায় কোনো গাড়ি নেই। আসার সময়ও এভাবে ভোগান্তি পোহাতে হয়েছে। যাওয়ার সময় তো ভিড় আরও বেশি।’

সিলেট নগরের টিলাগড় এলাকায় গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে মোটরসাইকেল দাঁড়িয়ে রয়েছে। পরীক্ষার্থী দেখলেই তারা ডেকে নিয়ে বিনা ভাড়ায় গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। এই বাইকাররা নিজেদের সিলেট জেলা ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন।

জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, ‘পরীক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে সকাল থেকে আমাদের নেতা-কর্মীরা বাইকে করে তাদের পরীক্ষাকেন্দ্রে আনা-নেয়া করছেন। আমরা ফেসবুকে আমাদের নেতা-কর্মী ও রাইডারদের নম্বর দিয়েছি।

‘কোনো পরীক্ষার্থী বা তাদের অভিভাবক ফোন দিলে আমরা তাদের বাসা থেকেও আনা-নেয়া করছি।’

সিলেট রাইডার্স ক্লাবের সভাপতি গোলাম রহমান শিপু জানান, এসএসসি পরীক্ষা জানার পরও পরিবহনশ্রমিকরা সিলেট বিভাগে কর্মবিরতির নামে ধর্মঘট আহ্বান করেছেন। এমন পরিস্থিতিতে সিলেট রাইডার্স ক্লাব পরীক্ষার্থীদের পাশে রয়েছে। সকাল থেকে সিলেটের বিভিন্ন স্থানে বাইকাররা পরীক্ষার্থীদের তাদের কেন্দ্রে বিনা মূল্যে পৌঁছে দিচ্ছেন।

শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়ে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজীব আলী বলেন, ‘আমরা আমাদের কর্মীদের বলে দিয়েছি পরীক্ষার্থী, রোগী, বিদেশযাত্রী ও জরুরি সেবার গাড়িগুলোকে ছেড়ে দিতে। তাদের আটকানো হচ্ছে না। একান্ত বাধ্য হয়েই এই ধর্মঘট ডাকা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.