Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে পৌর মেয়র পদে আ.লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান

নিউজ ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজার পৌরসভায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান।

মঙ্গলবার রাত সোয়া ১১টায় আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাউদ্দিন সিরাজ ফজলুর রহমানের হাতে এই মনোনয়নপত্র তুলে দেন। পূর্বদিকের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন ফজলুর রহমান।

এরআগে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা।

ফজলুর রহমানের বাড়ি মৌলভীবাজারের বড়হাট গ্রামে। পারিবারিকভাবেই তিনি রাজনৈতিক আবহে বেড়ে ওঠেন। তাঁর চাচা বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য। তাঁর ছোট ভাই রুহুল আমীন রুহেল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর ২০০৪ সালে প্রত্যক্ষ ভোটে জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন।

বর্তমানে তিনি কেন্দ্রীয় আওয়ামী-যুবলীগের সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এছাড়া ফজলুর রহমান জেলার সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.