Sylhet Today 24 PRINT

জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ১ বাংলাদেশি নিহত

জৈন্তাপুর সংবাদদাতা |  ০২ ডিসেম্বর, ২০১৫

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মো. জমির (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে লালাখাল এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার ১২৯৯ এর কাছে বাংলাদেশের অভ্যন্তর থেকে লাশ উদ্ধার করেছে বিজিবি।

নিহত মো. জমির জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের হরণি ময়নাবস্তির মো. ফরিদের ছেলে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ‘নো ম্যান্স ল্যান্ড’ সংলগ্ন এলাকায় ধান ক্ষেত দেখতে গেলে খাসিয়াদের গুলিতে প্রাণ হারান জমির।

বিজিবির লালাখাল ক্যাম্পে মরদেহ রাখা হয়েছে। বেলা সোয়া ১টার দিকে মরদেহ উদ্ধারে সেখানে পুলিশ পাঠানো হয়। সুরতহাল প্রস্তুতের পর মরদেহটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.