Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে মেম্বারকে ভোট না দেওয়ায় জুতাপেটা!

নিজস্ব প্রতিবেদক: |  ০৫ ডিসেম্বর, ২০২১

সিলেটের বালাগঞ্জে ভোট না দেওয়ায় এক ভোটারকে জনসম্মুখে জুতাপেটা ও জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক পরাজিত মেম্বার (ইউপি সদস্য) প্রার্থীর বিরুদ্ধে।

এ ঘটনায় আদালতে মামলা করেছেন আক্রান্ত ভোটার বালাগঞ্জের বোয়ালজুড় ইউনিয়নের সোনাপুর গ্রামের ইয়াছিন মিয়া।

অভিযোগে বলা হয়, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচনে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নশর মিয়া। নির্বাচনে তাকে ভোট না দেওয়ায় গত ১৩ নভেম্বর রাতে সোনাপুর গ্রামের কামাল মিয়ার বাড়িতে ইয়াছিনসহ কয়েকজন ভোটারকে ডেকে নেওয়া হয়। এ সময় পরাজিত মেম্বার ও তার সহযোগীরা জনসম্মুখে ইয়াছিনসহ কয়েকজন ভোটারকে জুতাপেটা ও জুতার মালা গলায় পরিয়ে লাঞ্ছিত করেন। তারা ইয়াছিনের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তা দিতে ব্যর্থ হলে গ্রামছাড়া করার হুমকি দেন।

ইয়াছিন বলেন, এ ঘটনার বিচার চেয়ে রোববার আদালতে মামলা করেন তিনি।

তবে নশর মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। ভোটে তার প্রতিদ্বন্দ্বী তজমুল হোসেন জনি তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.