নিজস্ব প্রতিবেদক | ০২ ডিসেম্বর, ২০১৫
নগরীর ধোপাদিঘির পাড়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। ছিনতাইকারীরা শাবির রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক বেলাল আহমদকে ছুরিকাঘাত করে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
বেলাল আহমদ জানান, বুধবার বেলা ২টার দিকে নগরীর উপশহরস্থ পূবালী ব্যাংক শাখা থেকে ৫ লাখ টাকা তুলেন তিনি। একটি কালো ব্যাগে করে রিকশাযোগে টাকা নিয়ে বন্দরবাজার যাওয়ার পথে ধোপাদিঘির পাড় ওসমানী শিশু উদ্যানের সামনে ৪টি মোটরসাইকেলে ৬ জন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। তারা তার (বেলালের) ডানহাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় স্থানীয়রা বেলাল আহমদকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন।
সিলেট কতোয়ালি ওসি সুহেল আহমদ বলেন, ছিনতাইয়ের খবর শুনেই আমি ঘটনাস্থলে এসেছি। আমরা বিষয়টি তদন্ত করছি।
তিনি বলেন, পুলিশ ইবনে সিনা হাসপাতালের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। ওই ফুটেজে ৪টি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীদের ছবি ধরা পড়েছে। ফুটেজ দেখে ছিনতাইকারীদের ধরতে অভিযান চালানো হবে।
ওসি বলেন, একজন শিক্ষককের এতোটা টাকা নিয়ে গেলো, এটা খুবই দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।