Sylhet Today 24 PRINT

আলালের গ্রেপ্তারের দাবিতে সিলেটে ছাত্রলীগের বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক: |  ০৯ ডিসেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগ।

প্রতিবাদ সমাবেশ থেকে বিভিন্ন সময়ে ছাত্রদল-ছাত্রশিবিরের হাতে নিহত ছাত্রলীগ নেতা কর্মীর বিচারের রায় দ্রুত ঘোষণার দাবি জানান নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক মো. নাইম আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্টে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে শেষ হয়।

এসময় মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এবং বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রীকে নিয়ে যে কুরুচিপূর্ণ কটুক্তি করছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রূপকার। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

এতে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। এজন্য আলালসহ বিএনপি নেতারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিসহ নানা ঘৃণ্য কাজ অব্যাহত রেখেছে। এসব ঘৃন্যকাজ ছাত্রলীগ কখনও মেনে নেবে না। আমরা কটুক্তিকারী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এসময় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.