বড়লেখা প্রতিনিধি: | ১০ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজারের বড়লেখায় হাকালুকি হাওরের (মালাম বিল) প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণে করণীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় বড়লেখা উপজেলা পরিষদ সভাকক্ষে এই সংলাপের আয়োজন করে। এতে সহযোগিতা করে বড়লেখা উপজেলা প্রশাসন।
সংলাপে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী ও মৎস্যজীবীরা অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতারের সঞ্চালনায় সংলাপে অংশ নেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, মৌলভীবাজার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মির্জা মেহেদী সারোয়ার, প্রথম আলোর মৌলভীবাজারের নিজস্ব প্রতিবেদক জ্যেষ্ঠ সাংবাদিক আকমল হোসেন নিপু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজারের সমন্বয়ক আ.স.ম সালেহ সুহেল, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহি কুটি, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, বর্ণি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন, বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, সাংবাদিক আব্দুর রব, পরিবেশ সাংবাদিক ফোরাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা ও পরিবেশকর্মী জুনায়েদ রায়হান রিপন, পরিবেশকর্মী ও মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সাংবাদিক জালাল আহমদ, উপ সহকারি কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম, মৎস্যজীবী সমিতির সদস্য মোস্তাব আলী প্রমুখ।
সংলাপে আলোচকরা হাওরের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রতিবেশ সংকটাপন্ন মালাম বিলের চারপাশের কৃত্রিম বাধ অপসারণ, যে জায়গায় গাছ কাটা হয়েছে সেখানে গাছ রোপণ, সরকারি জায়গা দখল করে কৃষি জমির আওতায় নিয়ে আসতে না পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা, যারা নির্বিচারে গাছ কেটে হাওরের পরিবেশ নষ্ট করছে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা ও প্রতিবেশ সংকটাপন্ন হাওরের বিলের ইজারা বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সচেতন করতে কার্যকরী উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত ব্যক্ত করেন।