Sylhet Today 24 PRINT

দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা

সিলেটটুড ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০২১

সংবিধান অনুসারে দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার আয়োবজ এক আলোচনা সভায় বক্তারা এমন কথা বলেছেন।

বেসরকারী উন্নয়ন সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) এর উদ্যাগে সিলেট শহরের স্থানীয় একটি হোটেলে এ আলোচনা সভার আয়োজন করে।

দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘বৈষম্য ঘুচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’। আয়োজন সংস্থা একডো’র অনুপ্রেরণায় গঠিত ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক, সিলেট’ এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই প্রতিপাদ্যের উপর আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, বর্তমানে দেশে বিভিন্ন কারণে মানুষে মানুষে ক্রমশঃ বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। এই বৈষম্য বৃদ্ধির কারণে সমাজে নানাধরনের অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। যারফলে সমাজের দুর্বল শ্রেণীর মানুষ বিশেষ করে নারী, শিশু ও ধর্মীয় সংখ্যালঘুরা ক্রমগত এর শিকার হচ্ছেন। তাছাড়া বর্তমানে এক শ্রেণীর মানুষ ধর্মের নামে সমাজে নানাধরনের বিশৃংখলতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা এ দেশের অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থি। তাই দেশের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে সকল শ্রেণী পেশার মানুষকে এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

বক্তারা সম্প্রতি দেশব্যাপি মানবাধিকার লংঘনের বিভিন্ন ঘটনা এবং বিশেষ করে সনাতন ধর্মের অনুসারীদের দুর্গাপূজার সময় বিভিন্ন পূজা মন্ডপে হামলা, লুটপাতের তীব্র নিন্দা জানিয়ে এ দেশে সকল সংখ্যালঘুসহ সকল জনগোষ্ঠীর নির্বিগ্নে বসবাস এবং ধর্মপালনের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়। এর পাশাপাশি ধর্মের নামে এসব হামলা ও লুটপাতের সাথে জড়িতদের দ্রুততম সময়ে মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করা হয়।

বক্তারা বলেন, এদেশের সাধারন মানুষ কখনও সাম্প্রদায়িক নয়। তাছাড়া বক্তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যগুলোতে ধর্মীয় উগ্রতা সম্প্রচারকারী ইউটিউবগুলো দ্রুত বন্ধ করার জোর দাবি জানানো হয়।

আয়োজক সংস্থা একডো’র নির্বাহী পরিচালক এবং ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক, সিলেট’ এর সদস্য সচিব লক্ষ্মীকান্ত সিংহের স্বাগত বক্তব্যের পরপরই দিবসটি উপলক্ষে একডো’র প্রকল্প সমন্বয়কারী মুর্শিদা রহমানের দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত একটি মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে শুরু হওয়া এই আলোচনা সভায় অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ারা বেগম, সিলেট জজ কোর্টের জ্যৈষ্ঠ্য আইনজীবী এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য।

অতিথি ছাড়াও সভায় উপস্থিত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্লাস্ট সিলেট বিভাগের সমন্বয়কারী এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, অধ্যাপক  তাহমিনা ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, পরিবেশকর্মী আশরাফুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের গণসংযোগ কর্মকর্তা আব্দুল আলীম শাহ্, জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট সৈয়দা শিরীন আক্তার, সাংস্কৃতি কর্মী এডভোকেট মনির হেলাল, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, সমাজকর্মী আমিনুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক এডভোকেট নুসরাত হাসিনা শম্পা,  রোটারিয়ান মিজানুর রহমান, সাংস্কৃতিকর্মী রীমা দাশ  প্রমূখ।

সবশেষে সভাপতি বলেন, এদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের পাশাপাশি এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিবেকবান সকল মানুষকে এ বিষয়ে এগিয়ে আসার আহবান জানিয়ে সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.