Sylhet Today 24 PRINT

৫১ কিলোমিটার হাঁটলেন তারা

বিজয়ের ৫১ বছর পদার্পণ উদযাপন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০২১

বিজয়ের ৫১ বছরের পদার্পণ উদযাপনে এবার ৫১ কিলোমিটার হাঁটল একটি পদযাত্রিক দল। বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে গতকাল রোববার ভোর ছয়টায় সিলেট নগরীর রিকাবীবাজার থেকে যাত্রা শুরু করেন ৬ জন পদযাত্রিক ও ৩ জন সাইক্লিস্টস।

যাত্রার শুরুতেই চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জ্ঞাপন ও জিয়ারত করেন তারা। এরপর নগরীর বিভিন্ন জায়গা ঘুরে নগরীর উপকণ্ঠে লালমাটিয়া বধ্যভূমির খোলা প্রান্তরে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফিরতি পথে হুমায়ুন রশীদ চত্বর হয়ে ঢাকা সিলেট হাইওয়ে রোড ধরে গোয়ালাবাজার হয়ে বুরুঙ্গা বধ্যভূমিতে বিকাল পাঁচটায় ৫১ কিলোমিটার পদযাত্রার শেষ করেন তারা।

মুক্তিযুদ্ধের জন্য একদিন (চতুর্থ পর্ব) শিরোনামে এই পদযাত্রায় স্কুল পড়ুয়া শিশু থেকে ষাটোর্ধ সিনিয়র সিটিজেন ছিলেন। পদযাত্রিক দলের সদস্যরা হলেন কাজি সাহি, বাবর আলি, সরফরাজ আহমেদ তানভীর, নিগাত সাদিয়া, সাইদা আক্তার রিনা, আফসানা হালিমা। সাইক্লিস্টস ছিলেন সৈয়দ তাওহিদুল ইসলাম তাওহিদ, মাহাদি হাসান, নুরুল ইসলাম।

এই পদযাত্রার সমন্বয়ক ও পদযাত্রিক দলের প্রধান কাজি সাহি জানান, ‘১৯৭১ বাংলাদেশে গণহত্যার প্রমাণ ও স্মৃতিচিহ্ন এই বধ্যভূমিগুলো, বিজয়ের ৫১ বছরে পা দিচ্ছি অথচ এগুলোর অনেকগুলোই এখন সবচেয়ে অবহেলিত হয়ে পড়ে আছে। এই লালমাটিয়ার বধ্যভূমির কথাই ধরুন। শহরের উপকণ্ঠে বৃহত্তর বধ্যভূমি, এখনো সংরক্ষণের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। আশা করছি যথাযথ কর্তৃপক্ষ দ্রুততার সহিত উদ্যোগ নিবেন।

কাজি সাহি বলেন, ১৯৭১ সালের ২৬ মে বালাগঞ্জ উপজেলার বৃহত্তর গণহত্যা এই বুরুঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত হয়। বর্তমানে সেখানকার স্মৃতিসৌধ সংস্কারের কাজ চলছে । সেখানে পদযাত্রিক দলের সাথে সেই নৃশংস গণহত্যায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাথে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও কিছুসময় নীরবতা পালন করেছি। শ্রীনিবাস চক্রবর্তী, দেবেন্দ্র দেব সাথে বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক গোবিন্দ দেবসহ স্থানীয় এলাকাবাসী ছিলেন।

 

এবারের পদযাত্রিক দলের অন্যতম সদস্য ছিলেন ডা. বাবর আলী, যিনি ২০১৯ সালে প্রথম বাংলাদেশী হিসেবে বাংলাদেশের ৬৪ জেলা পায়ে হেটে ঘুরেছেন। বাবর আলি বলেন, ‘এই আয়োজনের সঙ্গী হতে পেরে খুব ভালো লেগেছে। বধ্যভূমি নিয়ে সচেতনতার এই উদ্যোগ একদমই নতুন, প্রশংসনীয় ও অনুকরণীয়। বধ্যভূমি নিয়ে আমাদের সচেতনতার অভাব রয়েছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সচেষ্ট হয়ে উঠতে পারবো।

উল্লেখ্য, এই পদযাত্রিক দলের প্রধান কাজি সাহি ২০১৮ সাল থেকে ‘মুক্তিযুদ্ধের জন্য একদিন’ শিরোনামে এই পদযাত্রার ইভেন্ট শুরু করেন। এবছর চতুর্থবারের মত পদযাত্রা করছেন। এসব ইভেন্টে বিভিন্ন বয়সের মানুষজন অংশগ্রহণ করেন। ২০২০ সালের মার্চ মাসে ১৭ তারিখ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর সম্মানে টুঙ্গিপাড়া থেকে ধানমন্ডি ৩২ অভিমুখে ১০০ কিলোমিটার পদযাত্রা করেছেন কাজি সাহি। বঙ্গবন্ধুর জীবনীর প্রতি আলোকপাত করে একদিন ব্যাপী এই যাত্রায় টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জ্ঞাপন করে হেটে হেটে ৯৯ কিলোমিটার ঢাকা অভিমুখে আসেন। ৯৯ কিলোমিটার এর পর বাসে করে ঢাকা এসে ধানমন্ডি ৩২ এর এক কিলোমিটার আগে থেকে হাটা শুরু করে ১০০ কিলোমিটার পূর্ণ করে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে শেষ করেন এ পদযাত্রা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.