Sylhet Today 24 PRINT

বাহুবলে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০২১

হবিগঞ্জের বাহুবলে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এ মামলায় নিহত গৃহবধূর শাশুড়ি ও দেবরকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাশ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাহুবল উপজেলার লাকড়িপাড়া গ্রামের সৈয়দ জিতুউর রহমানের ছেলে সৈয়দ হেলাল মিয়া (২৪)।

হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হাসিম মোল্লা মাসুম জানান, ২০১৭ সালের প্রথমদিকে হেলালের সঙ্গে বিয়ে হয় উপজেলার বড়গাঁও গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে লাভলী আক্তারের। বিয়ের পর থেকে যৌতুকের জন্য লাভলীকে মারধর করতেন হেলাল।

এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর রাতে লাভলীকে বেধড়ক মারধর করেন হেলাল। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।

ঘটনার চারদিন পর ২৮ সেপ্টেম্বর লাভলীর ভাই বাদী হয়ে তার স্বামী ও শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বাহুবল থানা পুলিশকে তদন্তের দায়িত্ব দেন।

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে স্বামী হেলল, শাশুড়ি সৈয়দা সাহেদা খাতুন ও হেলালের ধর্মভাই একই গ্রামের তাজুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হাফিজুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.