Sylhet Today 24 PRINT

সিলেটে ট্রাফিক পক্ষের সমাপনী দিনে পথসভা, সড়ক আইন মানার আহ্বান

নিজস্ব প্রতিবেদক |  ১৫ ডিসেম্বর, ২০২১

ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষে ট্রাফিক পক্ষ ডিসেম্বর, ২০২১ এর সমাপনী অনুষ্ঠান বুধবার (১৫ ডিসেম্বর) সকালে নগরের হুমায়ুন রশিদ চত্বরে সম্পন্ন হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর (এসএমপি) ট্রাফিক বিভাগের সহকারি পুলিশ কমিশনার মো আতাহারুল ইসলাম তালুকদার।

সমাপনী অনুষ্ঠানে নগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষে হুমায়ুন রশিদ চত্বরে যানবাহন চালক, সহযোগী ও পথচারীদের নিয়ে পথসভা আয়োজন করা হয়। এতে সড়ক আইন মানতে সকলের প্রতি আহ্বান জানানো হয়  ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। এছাড়া সচেতনতা সভা এবং ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেটও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমপির টিআই (প্রশাসন) সরওয়ার মোহাম্মদ পারভেজ, টিআই নিখিল জীবন চাকমা ও সার্জেন্ট মো. মারুফ হাসান এবং যানবাহন মালিক, চালক, সহযোগী ও পথচারীবৃন্দরা।

আতাহারুল ইসলাম তালুকদার তার বক্তব্যে সড়ক পরিবহন আইন/২০১৮ মানতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে উপস্থিত সকলকে অনুরোধ করেন। তিনি গণ-পরিবহন চালকদের ঝুঁকিপূর্ণ যানবাহন চালনা থেকে বিরত থাকার জন্য এবং পথচারীদের সড়ক পারাপারে সচেতনতা অবলম্বন করার জন্য প্রয়োজনে ট্রাফিক পুলিশের সাহায্য নেয়ার জন্য অনুরোধ করেন।

পরে উপস্থিত সকলে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন ও সার্থক করার মতামত ব্যক্ত করে ট্রাফিক পক্ষ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.