Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে হাওরে কৃষক ও জলমহাল ইজারাদারের মধ্যে সংঘর্ষ, আহত ৫

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১৮ ডিসেম্বর, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে কৃষক ও হামহামিয়া জলমহালের ইজারাদারদের সাথে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে নলুয়ার হাওরের ভূরাখালি কুড়েরপাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা যায়, বোরো ফসল চাষাবাদের জন্য নলুয়ার হাওরে দাসনোওয়াগাঁও ও হরিনাকান্দি গ্রামের কৃষকরা প্রতি বছরের মতো হাওরের কুড়েরপাড় এলাকায় পানি সংরক্ষণ করে রাখার জন্য একটি বাঁধ নির্মাণ করতে গেলে ভূরাখালি এলাকার জলকপাটের পাশে হামহামিয়া জলমহালের ইজারাদার মানিক লাল বিশ্বাসের লোকজন এতে বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হন।

আহতরা হলেন- দাসনোওয়াগাঁও গ্রামের কৃষক লেবু মিয়া (৩২), দুলাল মিয়া (৪০)রুবেল দাস (২৭) কে দিরাই উপজেলার জগদল স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দাসনোওয়াগাঁও গ্রামের কৃষক নিধু দাস জানান, একমাত্র বোরো ফসলের ওপর আমরা নির্ভরশীল। বর্তমানে বোরোধান চাষাবাদের মৌসুম চলছে। এতে পানি দরকার তাই পানি সংরক্ষণ করে রাখতে আমরা বাঁধ দিতে গেলে হামহামিয়া জলমহালের ইজারাদাররা আমাদের ওপর হামলা চালায়।

ভূরাখালি গ্রামের কৃষক মজনু মিয়া বলেন, জলমহাল ইজারাদাররা মাছ ধরার জন্য পানি শুকিয়ে ফেলে যে কারণে বোরোআবাদ বিঘ্নিত হয়।

কৃষক হোসেন আহমেদ বলেন, আমাদের এলাকার দুই হাজার একর জমির চাষাবাদের জন্য পানি সংরক্ষণ করতে বাঁধ দিলে জলমহালের ইজারাদাররা বাঁধ কেটে ফেলে। এ বিষয়ে পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিষয়টি লিখিতভাবে অবহিত করেছি।

হামহামিয়া জলমহালের ইজারাদার মানিক লাল বিশ্বাস বলেন, জলমহালের খালের মুখে জোরপূর্বক বাঁধ নির্মাণ করায় কিছু কথা-কাটাকাটি হয়েছে।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক সাফায়ত হোসেন বলেন, কৃষক ও জলমহালের ইজারাদারদের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.