Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ডা. মুরাদসহ ২ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৯ ডিসেম্বর, ২০২১

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানে সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে এবার সুনামগঞ্জে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিম এর আদালতে মামলাটি নেওয়ার আবেদন করেছেন সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আব্দুল হক।

মামলার আবেদনে দ্বিতীয় আসামি করা হয়েছে মুরাদ জাইমা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই টক শোর সঞ্চালক মহিউদ্দিন হেলাল নাহিদকে। আদালত আবেদনটি গ্রহণ করলেও দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত কোন আদেশ দেওয়া হয়নি।

মামলার বাদী সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড.আব্দুল হক বলেন, জিয়াউর রহমানের নাতনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশের সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সদস্য ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একজন প্রতিমন্ত্রী যেভাবে কুরুচিপূর্ণ অশালীন ভাষায় কথা বলেছেন সেটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোনভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, এ বক্তব্যে শুধু জাইমা রহমান নয় দেশের পুরো নারী জাতিকে অসম্মান করা হয়েছে। আমরা এ ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছি। আমাদের আশা আদালত সঠিক বিচারের ব্যবস্থা নিবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.