Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক: |  ১৯ ডিসেম্বর, ২০২১

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করেছেন সুনামগঞ্জের এক আদালত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানে সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলার আবেদন করা হয়।

রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিমের আদালতে মামলা গ্রহণের আবেদন করেছিলেন। পরে আদালত মামলাটি খারিজ করে দেন।

মামলা দায়েরের সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাসুক আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেরেনুর আলী।

মামলার আবেদনে আরেক আসামি করা হয়েছিল ভার্চুয়াল টকশোর সঞ্চালক মহিউদ্দিন হেলাল নাহিদকে।

মামলার বাদী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাতনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশের সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সদস্য ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে মুরাদ হাসান যেভাবে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় কথা বলেছেন, সেটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোনোভাবেই কাম্য নয়। এ বক্তব্যে শুধু জাইমা রহমান নয়, দেশের পুরো নারী জাতিকে অসম্মান করা হয়েছে। আমরা এ ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছিলাম। আদালতের কাছে ন্যায়বিচার পাইনি।’

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাসুক আলম বলেন, ‘মামলাটি গ্রহণের যথেষ্ট উপাদান ছিল, এরপরও আদালত সেটি গ্রহণ না করায় আমরা মনে করছি ন্যায়বিচার পাইনি। দলীয় ফোরামে কথা বলে উচ্চ আদালতে যাব আমরা।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.