Sylhet Today 24 PRINT

পরিবার নিয়ে ‘কটূক্তি’, জবাব দিলেন চেয়ারম্যান প্রার্থী মামুন

বিয়ানীবাজারের আলীনগর ইউপি

বিয়ানীবাজার প্রতিনিধি: |  ২০ ডিসেম্বর, ২০২১

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ঘোড়া মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মামুনুর রশীদ মামুন এবং নৌকার প্রার্থীর সমর্থকরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। শনিবার থেকে এ নিয়ে ইউনিয়ন জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে। স্থানীয় একাধিক সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শনিবার বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঘোড়া মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ মামুনের পিতাকে নিয়ে মন্তব্য করার এক পর্যায়ে চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনকে ‘কুলাঙ্গার’ বলে গালি দেন।

সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী আহবাবুর রহমান শিশুর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে আবুল কাশেম পল্লব মামুনুর রশীদ মামুনকে উদ্দেশ করে বলেন, মামুন পিতার লাশ নিয়ে রাজনীতি করছেন। মামুন তার পিতার পরিচয় উল্লেখ করে মানুষের কাছে দোয়া না চেয়ে ভোট চাইছেন। আগেও একাধিকবার এভাবে তিনি নির্বাচনে বিজয়ী হয়েছেন। চেয়ারম্যান মামুনের এই কৌশলকে ভেলকিবাজিও বলে মন্তব্য করেন পল্লব।

এদিকে, উপজেলা চেয়ারম্যানের বক্তব্যের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর মামুনুর রশীদ মামুনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

রোববার সন্ধ্যায় চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন তার মাকে নিয়ে নির্বাচনী কার্যালয়ে হাজির হন। এ সময় তিনি সাংবাদিকদের সামনে তার বক্তব্য তুলে ধরেন। মামুন বলেন, আমার পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক আওয়ামী লীগ নেতা এবং আলীনগর ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় আমার পিতা খুন হন। যার বিচার আজও পাইনি।

চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন বলেন, পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাকে জনগণ দুই-দুই বার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমিও আমার সাধ্যমতো ন্যায়নীতির মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছি। বর্তমান নির্বাচনেও আমার বিজয় নিশ্চিত দেখে আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ঈর্ষান্বিত হয়ে আমার বিজয় ছিনিয়ে নিতে উঠেপড়ে লেগেছেন।

তিনি বলেন, তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। হয়রানি করা হচ্ছে তার ভোটার ও সমর্থকদের।

মামুনুর রশীদ মামুন বলেন, বিরোধীরা তার পিতার ন্যায় তাকেও হত্যার হুমকি দিচ্ছে। তিনি বলেন, জনগণের কাজ করতে গিয়ে প্রয়োজনে প্রাণ দিতে তিনি প্রস্তুত রয়েছেন।

মামুনুর রশীদ মামুন জনগণের কাছে তাকে ও তার পরিবার নিয়ে মন্তব্য করার বিচার চেয়ে ব্যালটের মাধ্যমে এবারও তাকে নির্বাচিত করার অনুরোধ জানান।

এদিকে এ বিষয়ে আলীনগর ইউনিয়ন যখন সরগরম তখন দুই নং ওয়ার্ডে এক নির্বাচনী জনসভায় আবুল কাশেম পল্লব মামুনুর রশীদ মামুনকে উদ্দেশ করে বলেন, আপনার বাবার আত্মার শান্তি কামনা ও তার জান্নাতের জন্যে দুয়া করা যদি হয় পরিবার নিয়ে কটূক্তি তবে এটা দুঃখজনক। 

উল্লেখ্য, মামুনুর রশীদ মামুন গত নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম জায়গীরদারকে পরাজিত করেন। এরআগের নির্বাচনে তিনি আওয়ামী লীগের বর্তমান প্রার্থী আহবাবুর রহমান খান শিশুর বিরুদ্ধে নির্বাচন করে জয়ী হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.