Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বোনের বাড়ি বেড়াতে এসে প্রতিবেশী শিশুকে ‘কুপিয়ে হত্যা’

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২০ ডিসেম্বর, ২০২১

সুনামগঞ্জের জামালগঞ্জে যুবকের বিরুদ্ধে বোনের বাড়ি বেড়াতে এসে প্রতিবেশী রিহান নামে ৮ বছরের এক শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

উপজেলার সদর ইউনিয়নের পূর্বলক্ষীপুর গ্রামে সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের।

এ ঘটনায় অভিযুক্ত তাহিরপুর উপজেলার মো. তৌহিদকে আটক করেন স্থানীয়রা।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য ইমামুল মিয়া বলেন, ‘ওই গ্রামে গিয়ে জানতে পারি আটক তৌহিদ বৃহস্পতিবার বোনের বাড়িতে আসেন। শুনেছি তৌহিদ মানসিক ভারসাম্যহীনের মতো চলাফেরা করেন। বেড়াতে এসে তিনি ১০০ টাকা দিয়ে একটি দা কেনেন। প্রতিদিন নাকি তিনি স্বপ্ন দেখেন, তাকে কেউ একজন দা দিয়ে কোপাচ্ছে। ঘুম ভাঙ্গলে পরে সেটা নিয়ে তিনি ভীত ও আতঙ্কিত হয়ে পড়েন।’

‘আজ সকালেও একই স্বপ্ন দেখে তার ঘুম ভাঙ্গলে ঘর থেকে বের হয়ে ৮ বছরের শিশু রিহানকে সামনে পেয়ে দা দিয়ে কোপাতে থাকেন। চিৎকার শুনে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় শিশুকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এরপর তারা শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন ও তৌহিদকে আটক করে রাখেন।’

জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারবো। তবে হত্যার ঘটনা ঠিক।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.