Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান

২টি করাতকলের মালামাল জব্দ

চুনারুঘাট প্রতিনিধি |  ২২ ডিসেম্বর, ২০২১

হবিগঞ্জে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও বনবিভাগ অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযানে নেমেছে। অভিযানে ২টি করাতকলের মালামাল জব্দ ও নগদ জরিমানাসহ ১টি করাতকলের কাগজপত্র জব্দ করেছে প্রশাসন।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার শানখলা বাজারের নিজাম উদ্দিনের করাতকল ও সুন্দরপুর বাজারের নাছির উদ্দিনের করাতকলে উপজেলা প্রশাসন ও বনবিভাগ অভিযান চালায়।

এ সময় করাতকলের মেশিন, চাকা, টেবিলসহ সরঞ্জাম জব্দ করে বন বিভাগ। পরে করাতকল দুইটি বন্ধ করে দেয়া হয়। নাছির উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে উপজেলার ইছাকুটা বাজারের শামছুল হকের করাতকলের কাগজপত্রও জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, অবৈধ করাতকলের তালিকা তৈরী হচ্ছে। পর্যায়ক্রমে সকল অবৈধ করাতকল বন্ধ করে দেয়া হবে। সংরক্ষিত বন রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.