Sylhet Today 24 PRINT

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ওসিসহ আহত ৮০

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০২১

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উভয় পক্ষের অন্তত ৮০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় ৫০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৭০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

লাখাই থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অধিপত্ত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন সুমনের মধ্যে বিরোধ চলে আসছে।

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মুড়াকড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইজনই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে পূর্বের বিরোধ আরও ঘনীভুত হয়।

বুধবার বিকেলে মুড়াকড়ি বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।

সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৮০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামসহ ৯ পুলিশ সদস্য রয়েছেন।

লাখাই থানার ওসি মোঃ সাইদুল ইসলাম  আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া পুণরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.