Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে উচ্ছেদ আতংকে শতাধিক পরিবারের স্মারকলিপি

আর ইসলাম, গোয়াইনঘাট |  ০৩ ডিসেম্বর, ২০১৫

সিলেটের গোয়াইনঘাটের ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী, মুজিব নগর, শান্তিনগরসহ আশপাশের বসবাসরত কয়েক শত পরিবারে উচ্ছেদ আতংক বিরাজ করছে। ছৈলাখেল চতুর্থ ও পঞ্চম খন্ড মৌজাধীন ৯১ নং দাগ এ সরকারী বন্দোবস্ত ও বন্দোবস্ত ছাড়া স্থানীয় নদী ভাঙ্গনে শিকার বাস্তুহারা সাধারণ জনগণ এবং ভারত প্রত্যাগত মোহাজের পরিবারের মানুষরা কয়েক যুগ ধরে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন। বসবাসরত এসব পরিবারের বেশিরভাগ মানুষই গরীব, দিন মজুর। তামাবিল স্থল বন্দর, জাফলং, শ্রীপুর পাথর কোয়ারীতে কয়লা, পাথর, বালির কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন তারা। জাফলংয়ে এক্সক্লুসিভ পর্যটন জোন নির্মাণসহ সরকারের প্রস্তাবিত প্রকল্পের আওতায় এসব ভূমিতে একটি ইকোপার্ক নির্মাণে ভূমি অধিগ্রহণের বিষয়ে গত বুধবার উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তারা সরজমিনে এসে এসব ভূমিতে বসবাসরতদের অবহিত করেন।

এ খবরটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে আতংক দেখা দেয় এই এলাকায় বসবাসরত সর্বস্তরের জনসাধারণের মাঝে। প্রস্তাবিত সরকারী সিদ্ধান্তে ফুসে ওঠেন সাধারণ মানুষ। এরই প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ কয়েক সহস্রাধিক মানুষ গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাউদ্দিনের কার্যালয়ে যান এবং একটি স্মারক লিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাউদ্দিন সমবেত প্রতিবাদী মানুষের সামনে এসে বক্তব্য দেন। এবং ঘোষণা করেন যে ওই এলাকায় বসবাসরত কোন জন সাধারণকে উচ্ছেদ করে এখানে পার্ক কিংবা কোন অবকাঠামো গড়ে তুলতে সরকারের কোন পরিকল্পনা নেই। বিষয়টি তিনি স্থানীয় সাংসদসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে আশ্বস্ত করলে প্রতিবাদী ফিরে যায়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  গোয়াইনঘাট সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান হামিদুল হক ভুঁইয়া বাবুল, লেংগুড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুল হক খোকন, আওয়ামীলীগ নেতা সামসুল আলম, মোবারক হোসেন, আনোয়ার হোসেন, ইউপি সদস্য লিটন মিয়া, শ্রমিক নেতা রফিকুল ইসলাম বাচ্চু, সুলতান আহমদ, আন্তাজ আলী, আব্দুল মান্নান, মনোয়ারা বেগম বীনা, রফিক মিয়া প্রমুখ। জানা যায় উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের চৈলাখেল মৌজাধীন ৪র্থ ও ৫ম খন্ডে  একটি ট্যুরিজম পার্ক গড়ে তুলতে সরকারের (প্রস্তাবিত) সম্ভাব্য স্থান পরিদর্শন পূর্বক প্রতিবেদন পাঠানোর জন্য ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা সরজমিনে বুধবার ঐ স্থানে পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.