Sylhet Today 24 PRINT

ফুটপাতে শীতের কাপড়ের জমজমাট ব্যবসা

ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ |  ২৫ ডিসেম্বর, ২০২১

সুনামগঞ্জে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) থেকেই বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। শীত বাড়ার সাথে সাথে শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি হাট বাজারে উচ্চভিত্ত আর মধ্যভিত্ত শ্রেণির ক্রেতাদের পাশাপাশি ফুটপাতের শীতের কাপড়ের দোকানগুলোতেও বেড়েছে ক্রেতার সংখ্যা। শনিবার বিকালে উপজেলার পাগলা বাজারে এমন দৃশ্যই চোখে পড়ে।

উপজেলার বিভিন্ন বাজারের একাধিক দোকানির সাথে কথা বলে জানা যায়, এবছর এখনো খুব একটা ঠান্ডা পড়েনি। তাই ক্রেতার সংখ্যা একেবারেই কম। তবে গত বৃহস্পতিবার রাতে বৃষ্টি হওয়ায় কিছুটা শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। সাথে বাড়ছে গরম কাপড় ক্রেতাদের সংখ্যাও। মার্কেটের দোকানগুলোতে যেমন বাড়ছে উচ্চ, মধ্য ও নিম্ন-মধ্যভিত্ত শ্রেণির ক্রেতার সংখ্যা তেমনি তাদের সাথে পাল্লা দিয়ে সমান তালে বাড়ছে ফুটপাতে থাকা দোকানগুলোর শীতের কাপড়ের ক্রেতার সংখ্যা।

শীত এলে পাগলা বাজারসহ শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে ফুটপাতে বসে শীতের কাপড় বিক্রি করেন সেলিম আহমদ। তিনি জানান, শীতের কাপড় কেনার যে ধুম পড়ে তা এখনো শুরু হয়নি। তবে, বৃষ্টির পর থেকে কিছু বিক্রি বেড়েছে। আগে যেখানে হাজার পনেরোশ টাকা বিক্রি করতাম এখন তা দুই তিন হাজারে গিয়ে দাঁড়িয়েছে। আস্তে আস্তে বিক্রি বাড়বে।

আশকর আলী নামের একজন ভ্যান চালক বলেন, আমাদের সামর্থ্য নাই যে বেশ দামে একটা শীতের কাপড় কিনবো। এসব দোকানে এলে কম দামে মোটামুটি ভালো মানের কাপড় বাচাই করে কিনে নেওয়া যায়। তাই আমরা এসব দোকান থেকেই বেশি কাপড় কিনে থাকি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.