Sylhet Today 24 PRINT

দিরাইয়ের ৯ ইউনিয়নের ভোটগ্রহণ চলছে

দিরাই প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০২১

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯ ইউনিয়নে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার কুলঞ্জ, তাড়ল ও জগদলসহ কয়েকটি ইউনিয়নের বেশ কিছু ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোট গ্রহণের কমপক্ষে দেড় দুই ঘণ্টা আগেই ভোট কেন্দ্রে নারী পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

উপস্থিত নারী ও পুরুষ ভোটারদের সাথে আলাপকালে তারা বলেন, সকাল থেকেই তারা ভোট কেন্দ্রে এসেছেন নিজেদের ভোটটি পছন্দের প্রার্থীকে দেওয়ার জন্য। ইতোমধ্যে তারা ভোট দিতে শুরু করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খল ভাবে ভোট দিতে চান। যে পরিবেশ তারা ইতোমধ্যে পেয়েছেন।

কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে আলাপকালে তারা বলেন, ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টি আমরা নিশ্চিত করেছি। এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিদর্শন করতে দেখা গেছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, উপজেলার ১০ ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্নের লক্ষ্যে পুলিশ র‌্যাব বিজিবি মাঠে রয়েছে। এছাড়াও আনসার সদস্য সাদা পোশাকের আইন প্রয়োগকারী সংস্থার সদস্য মোতায়েন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্টাইকিং ফোর্সের পাশাপাশি প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আমরা আশাবাদী ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

উল্লেখ্য, উপজেলার ৯ টি ইউনিয়নের ৮৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ৫৮, সংরক্ষিত নারী আসনে ১০৯ ও সাধারণ সদস্য পদে ৩৬১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.