নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: | ২৬ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজারের কমলগঞ্জের পাহাড়ি ছড়া থেকে নয়ন পাশী নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করছে পুলিশ। রোববার সকালে ফুলবাড়ি চা বাগানের একটি পাহাড়ি ছড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার সন্ধ্যা থেকেই তার মুঠোফোন বন্ধ পায় পরিবারের লোকজন। রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরিবারের লোকজন শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি করেন।
নয়নের পরিবারের লোকজন ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, শনিবার বিকেলে শ্রীমঙ্গল থেকে পর্যটকসহ ইজিবাইক নিয়ে পার্শ্ববর্তী উপজেলা কমলগঞ্জের মাধবপুর লেকে যাচ্ছিলেন নয়ন। এর পর সন্ধ্যা থেকে তার মুঠোফোন পাওয়া যায়। সারারাত বিভিন্ন জায়গায় খোঁজ করে তাকে পাওয়া যায়নি। রোববার সকালে ফুলবাড়ি চা বাগানে শ্রমিকরা কাজ করতে গেলে সেখানের একটি পাহাড়ি ছড়ার পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে সেখানে গিয়ে তার পরিবার সদস্যরা লাশ শনাক্ত করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান রোববার বলেন, শনিবার নয়ন পাশীর পরিবারের লোকজন তার নিখোঁজের বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেছিলেন। আজ সকালে চা বাগানের একটি ছড়া থেকে আমরা তার লাশ উদ্ধার করি। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ এর রহস্য উদঘাটন করতে কাজ করছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।