সিলেটটুডে ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০২১
পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ এখন অনেক দুর এগিয়েছে, তবুও সবাইকে সাবধান হতে হবে। কারণ, নেকড়ে এখনো ঘোরাফেরা করছে। স্বাধীনতা রক্ষায় সবাইকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে।
এ সময় মন্ত্রী প্রশ্ন ছুঁড়ে দেন, মিরপুর খেলার মাঠে কিভাবে কিছু লোক পাকিস্তানের সাপোর্ট করে? কিভাবে, প্রতিষ্ঠিত পরিবারের ছেলেরা হলি আর্টিজানের মতো হামলার অংশ হয়? কিভাবে, অন্য ধর্মের মানুষদের উপর হামলা এই প্রজন্মের মানুষেরা হামলা করে? তাই, এখনো আমাদের সামনে বিপদ আছে উল্লেখ করে সবাইকে আরও সাবধান হওয়ার পরামর্শ দেন তিনি ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষে উপলক্ষে বাংলাদেশ ব্যাংক সিলেটের বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।
এসময়, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সকলকে সংবিধান বদ্ধ দায়িত্ব পালন ও সৃজনশীল সেবা প্রদান করতে হবে, যাতে এর ফল সাধারণ মানুষ ভোগ করে। সিম্পলি ব্যালেন্স শিট নয়, কল্যাণ শিট বাস্তবায়ন করার পরামর্শ দেন মন্ত্রী। এমন কল্যাণকর কাজের মাধ্যমে জাতির পিতা ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো হবে।
বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক সিলেটের সভাপতি কবীর আহমদ শরীফ এর সভাপতিত্বে এবং যুগ্ম-পরিচালক সিতাংশু শেখর রায় ও উপ-পরিচালক হুমায়রা জাহান রুপুর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের মহাব্যবস্থাপক একেএম এহসান, আব্দুল হাসিব, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের পর সভায় শুভেচ্ছা বক্তব্যে আগত অতিথি সহ সকলকে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক সিলেটের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের পক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন মহাব্যবস্থাপক রূপ রতন পাইন।