Sylhet Today 24 PRINT

বিদ্রোহী হয়ে বহিষ্কৃত সিলেট আওয়ামী লীগের আরও ৪ নেতা

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ডিসেম্বর, ২০২১

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের ঠেকাতেই পারছে না আওয়ামী লীগ। ফলাফলেও পড়ছে তার প্রভাব। বিএনপিবিহীন এই নির্বাচনে বেশিরভাগ ইউনিয়নেই হারতে হচ্ছে নৌকার প্রার্থীকে।

তবে এ ক্ষেত্রে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কঠোর সিলেট জেলা আওয়ামী লীগ। নৌকা প্রতীক পাওয়া দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের ঘোষণা দেওয়া সবাইকে একে একে বহিষ্কার করা হচ্ছে আওয়ামী লীগ থেকে। এভাবে আরও ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, দলীয় নির্দেশনা না মেনে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জকিগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ২৫ ডিসেম্বর তাদের বহিষ্কার করা হয়।

তারা হলেন- উপজেলার বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য সুমন আহমদ, ৪ নং খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল গফুর, সুলতানপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম এবং ৮নং কসকনকপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফু রহমান লস্কর।

সিলেট জেলা আওয়ামী লীগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.