Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার: জামানত বাঁচাতেও পারলেন না নৌকার প্রার্থী

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০২১

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এমাদ উদ্দিন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৮নং তিলপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এমাদ উদ্দিন জামানত হারিয়েছেন। তিনি মাত্র ৯২০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে এ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন (৮৯২), রেজাউল করিম শামীম (৮৩২), কনাই মিয়া (৩১৫) ও ছাইফুল ইসলামও (২১৭) জামানত হারিয়েছেন।

এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান ৩৫১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিবেকানন্দ দাস বিবেক পেয়েছেন ২৭২৬ ভোট।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী না পেলে জামানত বাজেয়াপ্ত করা হবে। এক্ষেত্রে ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী ৭ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারান।

তিলপাড়া ইউনিয়নের ১৩ হাজার ২৭৪ ভোটের মধ্যে ৯ হাজার ৬২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। জামানত ধরে রাখতে হলে প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর কমপক্ষে ১২০৩ ভোট পাওয়ার প্রয়োজন ছিল।

বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ না পেলে প্রার্থী জামানত হারাবেন। তিনি বলেন, আমরা এ নিয়ে কাজ করছি। তিলপাড়া ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী এমাদ উদ্দিনসহ বেশ কয়েকজন জামানত হারিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.