হবিগঞ্জ প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০২১
হবিগঞ্জের আজমিরীগঞ্জে চা পান করে একই পরিবারের পাঁচ সদস্যসহ সাতজন অসুস্থ হয়ে পড়েছেন। অচেতন অবস্থায় তাদেরকে প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আজমিরীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্স থেকে সদর হাসপাতালে আনা হয়।
সোমবার রাতে কাকাইলছেও ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
অসুস্থরা হলেন- ওই গ্রামের হানিফ মিয়া (৬০), তার স্ত্রী তরু বেগম (৫০), সিয়াব (৭), শোয়েব মিয়া (১৮), দুলাল মিয়া (২০), প্রতিবেশী মোবাশ্বির মিয়া (২৫) ও শাকিব মিয়া (১৭)।
হাসপাতালে ভর্তি হানিফ মিয়া জানান- সোমবার রাতে তার বাড়িতে যান প্রতিবেশী মুখলেছ মিয়া, মোবাশ্বির মিয়া (২৫) ও শাকিব মিয়া (১৭)। এক পর্যায়ে মুখলেছ মিয়া হানিফ মিয়ার স্ত্রীকে চা খাওয়াতে বলেন। এ সময় হানিফ মিয়ার স্ত্রী ঘরে চিনি নেই জানালে মুখলেছ মিয়া নিজেই দোকান থেকে চিনি কিনে নিয়ে যান।
হানিফ মিয়ার স্ত্রী তরু বেগম বলেন, চিনি নেওয়ার পর মুখলেছ মিয়া নিজেই চা বানাতে রান্না ঘরে চলে যান। চায়ের কাপে চিনিও ঢালেন মুখলেছ মিয়া নিজেই।
অসুস্থ শাকিল মিয়ার বাবা সাদ্দাম মিয়া বলেন, শাকিল প্রায়ই হানিফ মিয়ার বাড়িতে যান। সোমবার রাতেও সে হানিফ মিয়ার বাড়ি গিয়েছিল। বাড়িতে ফিরে সে তার নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝ রাতে হঠাৎ করে হানিফ মিয়ার বাড়িতে ছেচামেছি শুনে ঘুম থেকে উঠি। ঘটনাস্থলে গিয়ে শুনি চা খাওয়ার কারণে সবাই অসুস্থ্য হয়ে পড়েছে। পরে আমার ছেলেকে ডাকলে সে ঘুম থেকে উঠে না। এক পর্যায়ে শাবিসহ সবাইকে আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তিনি জানান, আলিপুর থেকে আজমিরীগঞ্জ আসার যোগাযোগ ব্যবস্থা ভালো না। যে কারণে মঙ্গলবার ভোরে আমরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তাদের অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে কর্তব্যরত চিকিৎসক আবু ইবনে সিনা ইকরাম বলেন- ‘মঙ্গলবার সকালে সাত বছরের এক শিশুসহ সাতজন রোগী আসেন। উনাদের ভাষ্য রাতে চা অথবা ভাতের সাথে তাদের কিছু খাওয়ানো হয়েছে। তার শারীরিক অবস্থা একটু বেশি খারাপ ছিল। যে কারণে আমিতাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠিয়ে দিই।’
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক আবিদুর রেজা বলেন, সকাল ১০টার দিকে তাদেরকে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে আমরা তাদের পরিক্ষা নিরীক্ষা করে দেখেছি। মনে হচ্ছে খাবার অথবা অন্যকিছুর সাথে তাদের চেতনানাশক কিছু খেয়েছেন।