Sylhet Today 24 PRINT

পররাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা: আওয়ামী লীগ ‘বর্জন’ করলেও ছিলেন নাদেল

নিজস্ব প্রতিবেদক |  ২৯ ডিসেম্বর, ২০২১

বুধবার সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. একে আব্দুল মোমেনকে সংবর্ধনা প্রদান করা হয়।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আওয়ামী লীগকে নিয়ে কটুক্তির অভিযোগ এনে এই অনুষ্ঠান বর্জন করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা।

জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা বর্জন করলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

নাদেল অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের এই অনুষ্ঠানে দেখা গেছে।
 
সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিদেশের বুকে বাংলাদেশের গৌরব সমুন্নত রাখা, সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন ও সিলেটের উন্নয়নের বিশেষ অবদান রাখায় এ সংবর্ধনা প্রদান করছে সিসিক।

নগরের রেজিস্টারি মাঠে দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে সংবর্ধনা অনুষ্ঠান। এতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও অংশ নেন।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর বিভিন্ন সময় আওয়ামীবিরোধী বক্তব্য প্রদানের অভিযোগে মঙ্গলবার রাতে জরুরী বৈঠক করে পররাষ্ট্রমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেয় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

এ প্রসঙ্গের উল্লেখ করে সংবর্ধনার জবাবে ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমাকে কেউ কেউ বলেছেন- আজকের আয়োজন আরিফ করেছেন। আমি বলেছি- আরিফ সাহেব করেনাই, করেছে সিটি করপোরেশন। বরং আপনাদের লজ্জা লাগা উচিত এই কারণে যে- মাননীয় প্রধানমন্ত্রী যে এত ভালো কাজ করছেন, একজন অন্য দলের লোক সেটি স্বীকার করছে। সেটা গ্রহণ করতেছে। আপনাদের তো ভালো লাগার কথা। আমি তো হলাম উসিলা মাত্র। তারা আমাকে নয়, সম্মান দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে। যিনি আমাদের প্রতি সদয় হয়ে এতকিছু করছেন। সুতরাং সিলেটের উন্নয়নে সবাই মিলেমিশে কাজ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.